রেফারিকে দুষলেন ইকুয়েডরের কোচ
ফ্রান্সের বিপক্ষে ইকুয়েডরের অধিনায়ক আন্তোনিও ভালেন্সিয়ার লাল কার্ডে ক্ষুব্ধ ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা। তিনি মনে করেন, রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচে দুর্বল হয়ে পড়ে তার দল।
গত বুধবার ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য ড্র করে লাতিন আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইকুয়েডর।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়েকে ফাউল করায় ভালেন্সিয়াকে সরাসরি লাল কার্ড দেখান কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) রেফারি নৌমানদিয়েস দৌয়ে।
বলের উপরে পা পড়ে গিয়েছিল ভালেন্সিয়ার। সেখান থেকে ফস্কে দিনিয়ের পায়ে আঘাত লাগে। রিপ্লে দেখে মনে হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের ফাউল ইচ্ছাকৃত ছিল না।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রুয়েদা তাদের বিদায়ের জন্য রেফারির ভুল সিদ্ধান্তকেই দায়ী করেন।
রুয়েদা জানান, ম্যাচের শুরু থেকে ইকুয়েডর যেভাবে খেলছিল অধিনায়ককে হারানোয় তা আর ধরে রাখতে পারেনি।
রেফারির প্রতি রুয়েদা এতটাই ক্ষুব্ধ যে, ম্যাচটি পর্যালোচনা করে ভবিষ্যতে দৌয়েকে আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হবে কি না ফিফা কর্মকর্তাদের সেই সিদ্ধান্ত নিতে বলেছেন।
