হন্ডুরাস কোচের পদত্যাগ
সবগুলো ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া হন্ডুরাসের কোচ লুইস ফের্নান্দো সুয়ারেস পদত্যাগ করেছেন।
বুধবার জেদরান শাচিরির হ্যাটট্রিকে সুইজারল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ৫৪ বছর বয়সী সুয়ারেস বলেন, “আমি মনে করি, হন্ডুরাস দলের মঙ্গলের জন্য একটি পরিবর্তন দরকার।”
‘ই’ গ্রুপে ফ্রান্স, ইকুয়েডর ও সুইজারল্যান্ড- তিন দলের কাছেই হেরে গেছে মধ্য আমেরিকার দলটি।
“বিশ্বকাপে আমাদের অর্জন নিয়ে আমি সন্তুষ্ট নই।”
বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও কোস্টা রিকার পেছনে থেকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে হন্ডুরাস।
দায়িত্ব ছেড়ে দেয়া সুয়ারেস আশাবাদী, ভবিষ্যতে ভালো করবে হন্ডুরাস। তার ধারণা, নতুন কোচ এলে দলটির ফল ভিন্ন হতে পারে।
সুয়ারেসের অধীনে হন্ডুরাস দুইবার কনকাকাফ গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছিল। এছাড়া ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কোয়ার্টার-ফাইনালে ওঠে তার দল।
