২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরল সমীকরণ: গ্রুপ ‘জি’

প্রথম দুই রাউন্ড শেষ হয়ে গেলেও ‘জি’ গ্রুপ থেকে এখনও কোনো দলই নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি। আবার কেউ বাদও পড়েনি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 02:48 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে শুধু সমান ৪ পয়েন্ট পাওয়া জার্মানি ও যুক্তরাষ্ট্রের। শেষ রাউন্ডে এই দুটি দল মুখোমুখি হওয়ায় যারা জিতবে তারাই গ্রুপ সেরা হবে। আর ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থাকবে জার্মানি।   

দেশ

ম্যাচ

জয়

ড্র

হার

পক্ষে গোল

বিপক্ষে গোল

গোল পার্থক্য

পয়েন্ট

জার্মানি

২

১

১

০

৬

২

+৪

৪

যুক্তরাষ্ট্র

২

১

১

০

৪

৩

+১

৪

ঘানা

২

০

১

১

৩

৪

-১

১

পর্তুগাল

২

০

১

১

২

৬

-৪

১

জার্মানি:

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়ালেই সেরা ষোলোর টিকেট পাবে জার্মানি।

হারলেও সুযোগ থাকবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচটির উপর। পর্তুগাল-ঘানার ম্যাচটি ড্র হলে হেরেও পরের রাউন্ডে খেলবে জার্মানি।

তবে জার্মানি যদি হারে এবং ঘানা ও পর্তুগালের ম্যাচে কেউ জেতে তাহলে জার্মানি ও ওই বিজয়ী দলের পয়েন্ট হবে সমান ৪। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব। এখন পর্যন্ত গোল পার্থক্যে ঘানা (-১) ও পর্তুগালের (-৪) চেয়ে এগিয়ে জার্মানি (+৪)।

যুক্তরাষ্ট্র:

জার্মানির মতোই শেষ রাউন্ডে হার এড়ালেই সেরা ষোলোর টিকেট পাবে যুক্তরাষ্ট্র।

হারলেও সুযোগ থাকবে উত্তর আমেরিকার দলটির। তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের উপর। পর্তুগাল-ঘানার ম্যাচটি ড্র হলে হেরেও পরের রাউন্ডে খেলবে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্র যদি হারে এবং ঘানা ও পর্তুগালের ম্যাচে কেউ জেতে তাহলে পর্তুগাল ও ওই বিজয়ী দলের পয়েন্ট হবে সমান ৪। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব। শেষ রাউন্ডে মাঠে নামার আগে গোল পার্থক্যে ঘানা (-১) ও পর্তুগালের (-৪) চেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র (+১)।

ঘানা:

দ্বিতীয় রাউন্ডে উঠতে পর্তুগালের বিপক্ষে শুধু জিতলেই হবে না ঘানার, জার্মানি ও যুক্তরাষ্ট্রের ম্যাচে কোনো দলকে অবশ্যই হারতে হবে। কারণ, হেরে যাওয়া দলটির সমান ৪ পয়েন্ট হবে আফ্রিকার দলটিরও। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

তাই ঘানা নিশ্চয় যুক্তরাষ্ট্রের হার কামনা করবে। কারণ জার্মানির(+৪) তুলনায় যুক্তরাষ্ট্র(+১)  থেকে কম গোল ব্যবধানে পিছিয়ে ঘানা(-১)।

যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারলে ও ঘানা ১-০ গোলে জিতলে দুই দলেরই পয়েন্ট, গোলপার্থক্য ও দেয়া গোল সমান হয়ে যাবে। তখন দুই দলের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র জেতায় তারাই জার্মানির সঙ্গী হবে। সমীকরণ মেলাতে গেলে ঘানাকে তাই আরেকটি গোল বেশি করতে হবে, অথবা যুক্তরাষ্ট্রকে আরেকটি গোল বেশি খেতে হবে।

পর্তুগাল:

এই গ্রুপে পর্তুগালের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা সবচেয়ে কম।

ঘানার বিপক্ষে পর্তুগালের শুধু জিতলেই চলবে না, জয়ের ব্যবধানটা হতে হবে বড় এবং প্রার্থনা করতে হবে যেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের ম্যাচে কেউ হারে।   

কারণ হেরে যাওয়া দলটির সমান ৪ পয়েন্ট হবে ক্রিস্তিয়ানো রোনালদোর দলের। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

ঘানার মতো পর্তুগালও যুক্তরাষ্ট্রেরই হার কামনা করবে। কারণ জার্মানির(+৪) তুলনায় যুক্তরাষ্ট্রের(+১) চেয়ে কম গোল ব্যবধানে পিছিয়ে পর্তুগাল (-৪)।