২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-জাদুর তৃতীয় পর্ব?

জিতেছে তারা ঠিকই। দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে উঠেছে দ্বিতীয় রাউন্ডেও। কিন্তু বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের বিপক্ষে স্বরূপে ছিল না আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার রাত দশটায় পোর্তো আলেগ্রের বেইরা রিও স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি তাই তাদের সামনে নিয়ে এসেছে ভিন্ন এক উপলক্ষ। ট্রফি জয়ের সত্যিকার দাবিদার হিসেবে নিজেদের ঘোষণা করার!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 02:01 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

লিওনেল মেসির আবার অমন কোনো ‘ঝামেলা’ নেই। পুরো আর্জেন্টিনাকে বিবর্ণ দেখালে কী হবে, মেসি কিন্তু উদ্ভাসিত রংধনুর সাতরঙে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে গড়পড়তা খেলেও জিতেছে ম্যাচ দুটি, সে তো এই জাদুকরের কারিকুরিতেই! ‘আফ্রিকান সুপার ঈগল’দের বিপক্ষে তার চ্যালেঞ্জ সেই ধারাবাহিকতা ধরে রাখা।

আর নাইজেরিয়া? ‘আলবিসেলেস্তে’দের মতো শিরোপা জয়ের অভিযানে ব্রাজিল আসেনি তারা। গ্রুপ পর্ব পেরোতে পারলেই উড়বে আনন্দের সপ্তম স্বর্গে। ইরানের সঙ্গে ড্র ও বসনিয়া-হার্জেগোভিনাকে হারানোয় দুই ম্যাচে চার পয়েন্ট তাদের। আর্জেন্টিনার যেমন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত, নাইজেরিয়ারও ওই ফলে নিশ্চিত হবে নকআউট পর্ব। এমনকি হেরে গেলেও শেষ ষোলোতে উঠবে তারা; যদি গ্রুপের অন্য খেলায় ইরান না হারাতে পারে বসনিয়া-হার্জেগোভিনাকে। আর নাইজেরিয়ার হার ও ইরানের জয়ের যুগলবন্দী ফলে আর্জেন্টিনার সঙ্গী হওয়ার নিয়ামক হবে গোলপার্থক্য, বেশি গোল করা, মুখোমুখি লড়াইয়ের ফল ইত্যাদি। সেসব এড়ানোর জন্য নূন্যতম ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আফ্রিকান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দলে প্রতিভার ঘাটতি ছিল না কখনো। নেই এখনো। কিন্তু সের্হিয়ো আগুয়েরো, গনসালো হিগুয়াইন, আনহেল দি মারিয়ার গায়ে আর্জেন্টিনার জার্সি উঠলে কী যেন হয়ে যায়! ক্লাবে যেমন বিধ্বংসী, জাতীয় দলে অমন বিস্ফোরণ ঘটাতে পারেন না। বরং ভেজা বারুদের মতো ন্যাতন্যাতে তাদের কার্যকারিতা। ইরানের বিপক্ষে মেসির 'ইনজুরি' সময়ের গোলে জেতার পর কোচ আলেহান্দ্রে সাবেইয়া তো স্বীকোরোক্তিই দিয়েছেন “আমাদের উদ্বেগের বেশ কিছু জায়গা আছে” বলে। দুশ্চিন্তার কারণ শুধু মেসি ছাড়া আক্রমণভাগের নিষ্প্রভতা নয়। বরং এলোমেলো রক্ষণভাগও। এমনকি ফুটবলীয় শক্তিতে যোজন যোজন পিছিয়ে থাকা ইরানের বিপক্ষেও তাদের রক্ষণভাগকে দেখিয়েছে অবিন্যস্ত।

কোচের প্রতিধ্বনিতে অধিনায়ক লিওনেল মেসি তাই সত্য স্বীকার করে নিতে কুণ্ঠাহীন। কিন্তু পাশাপাশি প্রবল আশাবাদও তার কণ্ঠে, “জানি যে, প্রত্যাশানুযায়ী ভালো আমরা খেলতে পারছি না। কিন্তু আশা করছি, টুর্নামেন্টে যত সামনে এগুবো, উন্নতি করব। এভাবেই এক সময় পৌঁছে যাব সামর্থ্যরে চূড়ায়।” সত্যি তাই হলে এই আর্জেন্টিনাকে ঠেকানো অন্যদের জন্য মুশকিল। বিশেষত আক্রমণ-চতুষ্টয় যদি প্রতিভার প্রতিফলন পারফরম্যান্সে দেখাতে পারেন, ইনজুরির সময় পর্যন্ত গোলের জন্য আর অপেক্ষা করতে হবে না। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ দিয়েই সামর্থ্যের চূড়ার দিকে যাত্রা শুরুর লক্ষ্য আর্জেন্টিনার।

কিন্তু নাইজেরিয়াও কি ছেড়ে কথা বলবে! বিশেষত ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার সৌরভ যখন তাদের ক্যাম্পে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে কোচ স্টিভেন কেশিকে তাই শোনালো আত্মবিশ্বাসী, “যে লড়াকু মানসিকতা আমরা দেখিয়েছি, সেটি দুর্দান্ত। আর আমি কখনোই ভাবিনি যে, শেষ ষোলোতে যেতে পারব না। কেননা দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাওয়ার মতো খেলোয়াড় আমার আছে।” প্রতিপক্ষ দলে মেসির মতো জাদুকরী ফুটবলার থাকার পরও হাল ছেড়ে দিচ্ছে না সুপার ঈগলরা। বরং মিডফিল্ডার ওগেনি ওনাজি যেন তাতিয়ে তুলতে চাইছেন নিজেদের, “মেসি সাধারণ এক মানুষ মাত্র, একজন ফুটবলারই কেবল।”

ঠিক। কিন্তু ওই সাধারণ মানুষটি যখন ছোট্ট চর্মগোলক পায়ে পেলে অসাধারণ হয়ে ওঠেন, অন্যদের তখন আর কিছু করার থাকে না। বেশি দূর যেতে হবে না। বসনিয়া-হার্জেগোভিনা ও ইরানের ফুটবলারদের জিজ্ঞেস করলেই তা জেনে যাবে নাইজেরিয়া।

দেখা যাবে কি সেই মেসি-জাদুর তৃতীয় পর্ব?