২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের রক্ষণ সামলালেন স্কলারি

আক্রমণভাগ আর মাঝমাঠের পর এবার প্রশ্ন উঠেছে ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে। এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই ব্রাজিলের ফুটবল ইতিহাসের 'অন্যতম সেরা' রক্ষণভাগ তাদের সমর্থকদের স্নায়ুর পরীক্ষা নিয়েছে। তবে চিয়াগো সিলভা, দাভিদ লুইস, মার্সেলো ও দানি আলভেসদের নিয়ে মনের মধ্যে এক বিন্দু ভয়ও নেই কোচ লুইস ফেলিপে স্কলারির। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 02:18 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

সোমবার রাজধানী শহর ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনকে উড়িয়ে দেয়ার পরও প্রশ্নবিদ্ধ ব্রাজিল। ক্যামেরুনের জালে ৪ বার বল পাঠালেও একটি গোল খেয়েছে ব্রাজিল। প্রশ্নটা এই গোলটি নিয়েই।

দানি আলভেসের ভুলের কারণে বাঁদিক থেকে ক্রস করতে পেরেছিলেন অ্যালান নাইয়োম। এদিকে দাভিদ লুইস ঠিক জায়গায় না থাকায় পাহারাহীন হয়ে পড়েছিলেন বলের জন্য অপেক্ষা করে থাকা মাতিপ। গোললাইনের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা মাতিপ আলতো টোকায় ব্রাজিলের জালে বল জড়ান।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্কলারি তার ডিফেন্ডারদের পাশে দাঁড়ান।

"রক্ষণ নিয়ে আমার বিন্দু মাত্র ভয় নেই। তারা আসলে অসাধারণ। স্বাভাবিকভাবেই বাকি সব দলের রক্ষণের মতো ওরাও বল হারাতে পারে।"

সমালোচকদের তর্জনী বেশি নির্দেশ করছে লুইসকে। ক্যামেরুনের বিপক্ষেই নয়, গ্রুপ পর্বের অন্য দুটি ম্যাচেও জায়গা নিয়ে তার মধ্যে অনেকেই অসচেতনতা দেখতে পেয়েছেন। তবে স্কলারি দলের অন্যতম সেরা খেলোয়াড়ের পাশেই আছেন।

"দাভিদ লুইস দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।"

সবাই যখন রক্ষণের দিকে আঙুল তুলছে, স্কলারির দুশ্চিন্তা তখন দলের অন্য একটি জায়গা নিয়ে।

"দল যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। কিছু চড়াই-উতরাই ছিল, আর এটা স্বাভিবকই। কখনো কখনো আমরা মাঝমাঠে বল হারিয়েছি, আমাকে দুশ্চিন্তায় ফেলেছে এটিই।"

তবে সবকিছু হিসেব করে নেইমার-ফ্রেদদের খেলায় সন্তুষ্ট ব্রাজিলের কোচ।

"আমরা উন্নতি করেছি এবং পরের ম্যাচে আরেকটু উন্নতি করব। এই ম্যাচে তো আমরা ৭/৮ গোল করতে পারতাম আবার আরো দুটো গোল বেশি খেতে পারতাম।"

পুরনো খবর:

নেইমার জাদুতে স্বরূপে ব্রাজিল