২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার জাদুতে স্বরূপে ব্রাজিল

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর মেক্সিকোর সঙ্গে ড্র, মন ভরছিল না ব্রাজিল সমর্থকদের। এবার চোখ জুড়ানো ফুটবলই খেলেছেন নেইমাররা। তাতে ক্যামেরুনকে সহজেই ৪-১ গোলে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:07 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

লাইভ: ব্রাজিল ৪-১ ক্যামেরুন

ব্রাজিলের হয়ে দুটি গোল করেছেন নেইমার। একটি করে গোল করেন ফ্রেদ ও ফের্নানদিনিয়োর।

দুটি গোল করে প্রতিযোগিতার গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন নেইমার। এ পর্যন্ত ৪ গোল করেছেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মেক্সিকো। সমান ৭ পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষেই ব্রাজিল।

তিন ম্যাচেই হারা ক্যামেরুনের পয়েন্ট শূন্য। তাদের বিপক্ষে একমাত্র জয়ে ক্রোয়েশিয়ার পয়েন্ট ৩।

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ 'বি' গ্রুপ রানার্সআপ চিলি। আর মেক্সিকো শেষ ষোলোয় মুখোমুখি হরে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের।

সোমবার ব্রাজিলিয়ার স্তাদিও নাসিওনালে শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিলেন নেইমার। ১৭তম মিনিটেই পুরো গ্যালারিকে উল্লাসে মাতিয়ে দলকে এগিয়ে নেন তিনি।

বাঁদিক থেকে লুইস গুস্তাভোর চমৎকার একটি ক্রস খুঁজে পেয়েছিল নেইমারকে। ডি বক্সে সুবিধাজনক জায়গায় দাঁড়ানো ব্রাজিলের সবচেয়ে তারকা ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন।এবারের আসরের শততম গোলে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলেরও এটি ছিল শততম ম্যাচ।

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার দারুণ একটি সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু বার্সেলোনা তারকার ভলি ঠেকিয়ে দেন ক্যামেরুনের গোলরক্ষক শাল ইতানজে।

এরপরই প্রতিপক্ষের ওপর ভীষণ চাপ তৈরি করে ক্যামেরুন। ২৫তম মিনিটে জোয়েল মাতিপের কর্নার ক্রসবারে লেগে ফিরলে হতাশায় পুড়তে হয় আফ্রিকার দলটির।

পরের মিনিটেই গোল করে সমতা ফেরান মাতিপ। বাঁদিক থেকে অ্যালান নাইয়োমের প্রথম ক্রসটি ঠেকিয়ে দিয়েছিলেন দানিয়েল আলভেস। দ্বিতীয়টি আর পারেননি। গোললাইনের ঠিক সামনে দাঁড়ানো মাতিপের শুধু একটা টোকা দরকার ছিল। শালকের মিডফিল্ডার সেটি দিতে ভুল করেননি

৩৪তম মিনিটে আবার দলকে এগিয়ে নেন নেইমার। মার্সেলোর কাছ থেকে ডি বক্সের ঠিক বাইরে বল পেয়েছিলেন তিনি। সামনে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। চোট কটিয়ে ফেরা হাল্ক বাইরে মেরে সেই সুযোগটি নষ্ট করেন।

৪৭তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ফের্নানদিনিয়ো। একেবারে ফাঁকায় বল পেয়েও শট নিতে পারেননি। এরপর ফ্রেদের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন দেন গোলরক্ষক।

দুই মিনিট পর আবার ক্যামেরুনের ত্রাতা ইতানজে। নেইমারের ফ্রিকিক কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।

৪৯তম মিনিটে আর ঠেকাতে পারেননি। মার্সেলোর ক্রসে হেড করে গোল করে ব্যবধান বাড়ান ফ্রেদ। ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হাল্ক। ফাঁকায় দাঁড়ানো নেইমারকে পাস না দিয়ে আবার নিজে শট নিয়ে সুযোগ নষ্ট করেন তিনি।

৭২তম মিনিটে নেইমারকে তুলে নেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি।

ব্রাজিল ম্যাচের ৮২তম মিনিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় মেক্সিকো। গোল পার্থক্য সমান হওয়ায় ব্রাজিল তখনও এগিয়ে ছিল বেশি গোল করার সুবিধা নিয়ে।

তবে মাত্র দুই মিনিট পর লক্ষ্যভেদ করে ব্রাজিলের শীর্ষস্থান নিশ্চিত করেন ফের্নানদিনিয়ো। অস্কারের চমৎকার পাস থেকে ইতানজে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি তার।

ম্যাচের ধারাবিবরণী পড়তে ক্লিক করুন

পয়েন্ট তালিকা গ্রুপ এ:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
ব্রাজিল৩২১০৭২+৫৭
মেক্সিকো৩২১০৪১+৩৭
ক্রোয়েশিয়া৩১০২৬৬০৩
ক্যামেরুন৩০০৩১৯-৮০