২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষণ-আক্রমণে ধ্রুপদী দ্বৈরথ

তাদের ‘আমলনামা’ প্রায় অভিন্ন। কোস্টারিকার কাছে হেরে নিজেরা চমকে যাওয়ার পাশাপাশি ফুটবল বিশ্বকে চমকে দেওয়া আর ইংল্যান্ডকে হারিয়ে ’৬৬-র চ্যাম্পিয়নদের বিদায়ের পথ তৈরি করা। তবু মুখোমুখি দ্বৈরথের আগে ইতালি-উরুগুয়ে ক্যাম্পের আবহ কতোই না ভিন্ন! আত্মবিশ্বাসের টগবগিয়ে ফুটছে দু’বারের চ্যাম্পিয়নরা, বিপরীতে চারবারের চ্যাম্পিয়নরা যেন বিদায়ের জুজুতে কাবু। সর্বশেষ ম্যাচের ফল এতটাই প্রভাবদায়ী!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 01:30 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

উরুগুয়ের গোল চিন্তা

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দশটায় নাতালের দুনাস আরেনায় মুখোমুখি হচ্ছে ইতালি-উরুগুয়ে। ‘ডি’ গ্রুপ থেকে কোস্টা রিকার সঙ্গী হিসেবে নকআউট পর্বে যাওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। সেই চ্যালেঞ্জে জিততে হলে ‘আজ্জুরি’দের ড্র করলেই চলবে। কেননা পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে সুবিধাজনক অবস্থানে ইতালি। সে কারণে ‘লা সেলেস্তে’দের সামনে জয়ের বিকল্প নেই।

সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রেরণাদায়ী জয় ইতালির বিপক্ষেও আত্মবিশ্বাস যোগাচ্ছে উরুগুয়েকে। কোস্টা রিকার কাছে প্রথম ম্যাচে হারের স্মৃতি তাতে চাপা পড়েছে। ওদিকে চেজারে প্রানদেল্লির দলের অবস্থা ভিন্ন। ইংল্যান্ডকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও সর্বশেষ খেলায় কোস্টা রিকার কাছে হেরে সেখানে রাজ্যের বিষাদ। সেটি এক পাশে সরিয়ে গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের বিপক্ষে মাঠে নামা সহজ হচ্ছে না।

ব্যাপারটি যে সত্যি কঠিন, সেটি স্বীকার করতে দ্বিধা নেই জানলুইজি বুফ্ফনের। ইতালির বহু যুদ্ধ জয়ের নায়ক তাই খুব করে চেষ্টা করছেন দলকে তাতিয়ে তোলার, “এমন একটা হারের পর কক্ষপথে ফেরার জন্য শক্তি খুঁজে পাওয়া জরুরি। আর যখনই আমরা এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখনই প্রতিক্রিয়া দেখাই সবচেয়ে ভালোভাবে।”

প্রতিপক্ষ শিবিরের বড় ভরসা লুইস সুয়ারেসের চোট থেকে ফেরা। গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল তাঁর। সঙ্গী এদিনসন কাভানিকে নিয়ে গড়া উরুগুয়ের ফরোয়ার্ড লাইন বিশ্বের যে কোন রক্ষণভাগে ত্রাস ছড়ানোর সামর্থ্য রাখে। সেটি মেনেও বিচলিত নন বুফন, “হ্যাঁ, তাদের আক্রমণভাগ দুর্দান্ত। কিন্তু এটি এমন কোনো বিষয় না, যেটি আমরা মাত্র আবিষ্কার করলাম। জাতীয় দলের মতো ক্লাবেও অনেকদিন ধরে এই দুজন সুনামের সঙ্গে খেলে আসছে।” উরুগুয়ের কোচ অস্কার তাবারেসের ভরসা সুয়ারেস-কাভানির জুটিই। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে এখনো গোলের খাতা খুলতে পারেননি কাভানি। তাঁর কাছ থেকে গোল তাই পাওনা হয়ে আছে ‘লা সেলেস্তে’দের। অন্য দিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে না পারলেও দ্বিতীয়টিতে ফিরেছেন সুয়ারেস। ফিরেছেন তাঁর বিধ্বংসী রূপ নিয়েই। আর শুধু সুয়ারেস কেন, ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে পুরো দলের খেলাতে ভীষণ সন্তুষ্ট কোচ। ইতালির বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার দাবি জানিয়েছেন শিষ্যদের প্রতি, “ইংল্যান্ডের বিপক্ষে অনেক ভালো ভালো জিনিস করেছি আমরা। এগুলোকে ভিত্তি ধরে ইতালির বিপক্ষে আমরা তার পুনরাবৃত্তির চেষ্টা করব। সম্ভব হলে উন্নতির।” আর সেটি করতে পারলে যে ইতালির রক্ষণভাগের পক্ষে সুয়ারেস-কাভানিকে বোতলবন্দী করে রাখা ভীষণ কঠিন হবে, সেটি না বললেও চলছে।

এই ম্যাচের জন্য ৪-১-৪-১ ফর্মেশন থেকে ৩-৪-২-১ কিংবা ৩-৫-২ ফর্মেশনে ফিরতে পারে ইতালি। প্লে-মেকার মার্কো ভেরাত্তির প্রথম একাদশে ফেরার সম্ভাবনা প্রবল, চোটের কারণে দানিয়েলে দে রস্সির না খেলাটাও যেমন। সমালোচনা থাকলে ফরোয়ার্ড মারিও বালোতেল্লির উপর আরেক দফা আস্থা রাখবেন কোচ প্রানদেল্লি।

অন্যদিকে উরুগুয়ে কোচ তাবারেস প্রথম একাদশে ফেরাতে পারবেন ম্যাক্স পেরেইরাকে।

ইতিহাসের পাতায় প্রেরণার উপাদান আছে দুই দলের জন্যই। এর আগে মুখোমুখি ৯ লড়াইয়ে তিন জয় উরুগুয়ের, দুই জয় ইতালির। অন্য দিকে আবার বিশ্বকাপে যে দু’খেলায় দল দুটি মুখোমুখি হয়েছিল, তাতে জয় নেই লাতিন আমেরিকার দলটির । হেরেছে এক ম্যাচে, ড্র অন্যটিতে। গত বছরের কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বশেষ দেখা হয়েছিল দল দুটি। সেখানে টাইব্রেকারে জয় ইতালির।

এই লড়াইটা গড়াবে না টাইব্রেকার পর্যন্ত।  নির্ধারিত ৯০ মিনিটে জিততেই হবে সুয়ারেস-কাভানিদের; না হারলেই চলবে বালোতেল্লি-পিরলোকে।

রক্ষণের বিপক্ষে আক্রমণের ধ্রুপদী এক দ্বৈরথ তাই মঞ্চস্থ হতে পারে নাতালের দুনাস আরেনায়।