উরুগুয়ের গোল চিন্তা
গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলেরই বাঁচা-মরার লড়াই। এই লড়াইটা বিশ্বকাপে বলেই ম্যাচের আগে ইতালি একটু স্বস্তিতে থাকতে পারে, আর উরুগুয়ের খেলোয়াড়দের কপালে পড়তে পারে চিন্তার ভাঁজ। ইতালির বিপক্ষে এর আগে বিশ্বকাপে খেলা দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি উরুগুয়ে। ১৯৭০ সালে দুই দল গোলশূন্য ড্র করেছিল, ১৯৯০ বিশ্বকাপে ২-০ গোলে জিতেছিল ইতালি। তবে এবার উরুগুয়ে দলে আছেন একজন গোলমেশিন-লুইস সুয়ারেস।
'ডি' গ্রুপে ইতালি-উরুগুয়ে ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা দাস দুনাস, নাতাল
ধারণক্ষমতা: ৩৮ হাজার ৯৫৮
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: মার্কো রদ্রিগেস (মেক্সিকো)
# ইতালি ও উরুগুয়ের বিশ্বকাপে প্রথম সাক্ষাৎ হয়েছে ১৯৭০ সালে, ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
# ইতালির বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপে উরুগুয়ের ৫০তম, ১৯৩০ সালে পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বকাপে পথচলা শুরু করেছিল তারা।
# মুখোমুখি লড়াইয়ে ইতালির চেয়ে এগিয়ে আছে উরুগুয়ে। মুখোমুখি ১০ ম্যাচের ৩টি জিতেছে তারা, ইতালির জয় দুটিতে। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।
# দুই দলের সবশেষ দেখা হয় এই ব্রাজিলেই, গত বছরের কনফেডারেশন্স কাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে (৩-২) উরুগুয়েকে হারিয়েছিল ইতালি।
