২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সততা আর সমীকরণে আস্থা পর্তুগাল কোচের

শেষ সময়ের নাটকীয়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে পর্তুগালের শেষ ষোলোর স্বপ্ন টিকে আছে এখনও। তবে শেষ ম্যাচে জার্মানি-যুক্তরাষ্ট্র ড্র হলেই বাদ পড়বে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। ওই দুটি দল ড্রর জন্য খেলবে না বলেই আশা করছেন পর্তুগালের কোচ পাওলো বেন্তো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:37 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

রোববার মানাউসের আরেনা আমজনিয়ায় এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র নিয়ে ফেরাতেও অবশ্য খুশিই হওয়ার কথা পর্তুগাল কোচের। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পর ২-১ গোলে এগিয়েও যায় যুক্তরাষ্ট্র। ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটে রোনালদোর ক্রস থেকে ভারেলার গোলে স্বপ্ন বাঁচিয়ে রাখা ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে বেন্তোর দল।

তবে টিমটিম করে জ্বলতে থাকার স্বপ্নটা ধরা দেবে সমীকরণগুলো মিললে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মনে করিয়ে দিলেন, অন্য দুটি দল ড্র করলেই তো তারা পরের রাউন্ডে চলে যাবে। জয়ের জন্য কি দল দুটো খেলবে? বেন্তো জানান, জার্মানি ও যুক্তরাষ্ট্রের 'সততার' উপর নির্ভর করছেন তিনি।

"খেলোয়াড় ও কোচ হিসেবে আমি কখনোই কাউকে ড্রর লক্ষ্যে খেলার জন্য সন্দেহ করিনি।"

তবে জার্মানি ও যুক্তরাষ্ট্র ম্যাচ ড্র না হয়ে কেউ জিতলেও পর্তুগালের লাভ হবে না, যদি তারা নিজেদের শেষ ম্যাচে সমীকরণ মিলিয়ে ঘানাকে হারাতে না পারে।

বেন্তোও জানেন, ঘানার বিপক্ষে বড় ব্যবধানে জিতে নিজেদের কাজটাও সেরে রাখতে হবে তাদের।

"আমাদের কাজ হচ্ছে ঘানাকে হারানো এবং এর পরও আমাদের সম্ভাবনা খুবই সামান্য।"

স্বপ্ন আর সম্ভাবনার হিসেব দেয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে পর্তুগালের ফুটবলারদের ব্যর্থতা নিয়েও কথা বলতে হয় বেন্তোকে। শেষ মিনিটের একটি অসাধারণ ক্রস ছাড়া পুরো ম্যাচে ম্লান হয়ে থাকা রোনালদোর কোনো সমস্যা আছে বলে মনে করেন না বেন্তো।

"রোনালদো ফিট ছিল, সে পুরো ৯০ মিনিট খেলেছে এবং কোনো সমস্যা ছিল না বলেই মনে হয়।"

যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রর দায় কোনো খেলোয়াড়ের ওপর চাপাতে চান না পর্তুগালের কোচ।

"আমাদের খেলোয়াড়দের জন্য এটা স্পর্শকাতর একটা সময়। তারা সবাই-ই হতাশ এবং এখন ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করার সময় নয়।"

খেলোয়াড়দের বাঁচাতে দায় নিজের কাঁধে নিতেও প্রস্তুত ছিলেন বেন্তো। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ করে সবকিছুর জন্য তার সমালোচনা করতে বলেন।