২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রেফারি আর মেসিতে হেরেছে ইরান'

দুর্ভেদ্য রক্ষণ দেয়াল গড়ে মেসি আর তার আর্জেন্টিনাকে আটকে রাখার পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি ইরানের। লিওনেল মেসির মুহূর্তের ঝলকে প্রতিরোধ ভাঙে তাদের। ইরানের কোচ কার্লোস কেইরোস অবশ্য মেসির অসাধারণ গোলের সঙ্গে রেফারির একটি সিদ্ধান্তকেও দেখছেন হারের কারণ হিসেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 06:02 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে আর্জেন্টিনাকে ৯০ মিনিট আটকে রাখলেও যোগ করা সময়ে মেসির গোলে হেরে যায় ইরান।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হারটিকে বিশ্লেষণ করতে গিয়ে দুটি কারণ খুঁজে পেয়েছেন মোজাম্বিকে জন্ম নেয়া কেইরোস।

"শেষে দুজন ব্যক্তি ম্যাচে পার্থক্য গড়ে দিল। এক নম্বর হচ্ছে রেফারি, দ্বিতীয় জন লিওনেল মেসি...তারাই পার্থক্য গড়ে দিয়েছে।"

দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার পাবলো সাবালেতার একটি চ্যালেঞ্জে বক্সের মধ্যে পড়ে যান ইরানের দেজাঘা। পেনাল্টির আবেদন করেছিলেন ইরানের খেলোয়াড়রা। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে সাবালেতার ট্যাকলটি বৈধই ছিল।

নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ইরানের খেলোয়াড়দের 'দুয়ো' দিয়েছিল ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও ইরান তীব্র রক্ষণাত্মক খেলেছে বলে সমালোচনা হচ্ছে। কিন্তু কেইরোস এটা পুরোপুরি স্বীকার করেননি।

"আমি গতকাল (শুক্রবার)বলেছিলাম, আমাদের খুব কঠিনভাবে রক্ষণ করতে হবে, কিন্তু এটা প্রমাণ করেছি, আমরা আর্জেন্টিনার গোলের দিকে চোখ রেখেই রক্ষণ করেছি।"

ম্যাচে কিছু ভালো আক্রমণও অবশ্য করেছে ইরান। কেইরোস বিশেষ করে শেষ ৫ মিনিট দুজন স্ট্রাইকার খেলানোর বিষয়টিও তুলে ধরেন। ম্যাচটি ইরান জিততে চেয়েছিল বলেই জানান ইরানের কোচ। জিততে চাওয়ার এই আশা শেষ পর্যন্ত তার খেলোয়াড়দের জন্য উল্টো হয়েছে বলে কোনো অভিযোগ নেই কেইরোসের।

"৯০ মিনিটে কি হয়েছে? আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভিন্ন পর্যায়ের ভালো দুটি দল খেলেছে। কেউ তাদের মেধা কাজে লাগিয়েছে, অন্যরা দিয়েছে পরিশ্রম।"

আর্জেন্টিনার বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা আছে ইরানের। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া-হার্জেগোভিনার। দুই ম্যাচে ২টি হারে এরই মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বসনিয়ার।

আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বসে না থেকে এখন দ্বিতীয় পর্বে ওঠার প্রস্তুতি নিয়েই ভাবতে চান কেইরোস।

"আমাদের এখন বিশ্রাম প্রয়োজন। আমার প্রধান ভাবনা হচ্ছে খেলোয়াড়দের তাদের বিশ্বাসে স্থির রাখা।"