২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুখী মেসির আরো জ্বলে ওঠার প্রতিশ্রুতি

অসাধারণ এক গোল করে ইরানের বিপক্ষে দলকে জেতানোর পর লিওনেল মেসিকে ঘিরে আছে অন্যরকম এক সুখের আমেজ। তবে এখনো আর্জেন্টিনা তাদের আসল রূপে দেখা দেয়নি বলেই মনে করেন তিনি। সময় মতো আরো জ্বলে ওঠার প্রতিশ্রুতি দিলেন আর্জেন্টিনার 'ফুটবল জাদুকর'।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:03 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি

বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা।  শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে ইরানের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয় এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় পর্বে তুলে দিয়েছে মেসি-আগুয়েরোদের।

বিশ্বকাপে লম্বা খরা কাটিয়ে এই দুই ম্যাচেই গোল পাওয়া মেসি দারুণ উচ্ছ্বসিত।

"যখন দেখলাম আমি গোল পেয়েছি, খু-উ-ব আনন্দ হলো; কারণ আমরা যোগ করা সময়ে ছিলাম এবং পরের পর্বে যাওয়া নিশ্চিত করতে চাইছিলাম। এর পর সবাই চেঁচাতে শুরু করল, জড়িয়ে ধরল, হাসতে শুরু করল। দারুণ এক মুহূর্ত ছিল এটি।"

ইরানের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করেন মেসি।

"এখন আমরা আত্মবিশ্বাসী এবং মনের মধ্যে শান্তি বিরাজ করছে। আজ (শনিবার) যদি না জিততে পারতাম তাহলে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অন্যরকম হতো।"

তবে গ্রুপ পর্বে খেলা প্রথম দুটি ম্যাচ বিশ্লেষণ করে বার্সেলোনার ফরোয়ার্ডের মনে হয়েছে, আর্জেন্টিনার আরো উন্নতি করার জায়গা আছে।

"জানি আশানুরুপ খেলতে পারছি না আমরা। তবে টুর্নামেন্ট যতো এগোবে আমরা উন্নতি করতে থাকব এবং নিজেদের সেরা খেলায় পৌঁছাব।"

টুর্নামেন্টের কোনো এক পর্যায়ে গিয়ে আর্জেন্টিনা না হয় তাদের আসল রূপে ফিরল, কিন্তু ইরানের বিপক্ষে ম্যাচটি একটি প্রশ্ন ঠিকই তুলে দিয়েছে-আর্জেন্টিনার আক্রমণভাগের 'ফ্যান্টাসটিক ফোর' কী তাহলে শুধু মুখে মুখেই সেরা?

ইরানের রক্ষণাত্মক ফুটবলের কাছে একেবারেই নিরুপায় হয়ে পড়েছিলেন মেসি, আগুয়েরো, হিগুয়াইন আর দি মারিয়ারা। শেষ দিকে তো সের্হিও আগুয়েরো আর গনসালো হিগুয়াইনকে বদলি করে রদ্রিগো পালাসিও ও এসেকিয়েল লাভেস্সিকে মাঠে নামান কোচ আলেহান্দ্রো সাবেইয়া।

দর্শক-সমর্থকদের ভোটে ম্যাচ সেরার পুরস্কার জেতা মেসি এরও একটা ব্যাখ্যা দেন।

"ওদের রক্ষণ ভেঙে জায়গা বের করাটা কঠিন ছিল। আমাদের জায়গা বের করা জরুরি ছিল, কারণ জায়গা পেলেই আমরা ভয়ঙ্কর। আমার তো মনে হয়, ওরা শুধু আমাকেই পাহারা দেয়নি। আমি আর দি মারিয়া, কেউই জায়গা বানাতে পারিনি।"