২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি

পুরো ৯০ মিনিট লিওনেল মেসিকে ঠেকিয়ে রেখেছিল ইরান। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ইনজুরি সময়ে এই মহাতারকার অসাধারণ এক গোলে হার মানতে হলো এশিয়ার দলটিকে। একমাত্র গোলের এই জয়ে 'এফ' গ্রুপ থেকে সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 12:22 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

লাইভ: আর্জেন্টিনা ১-০ ইরান

শুরুর একাদশে ‘ফ্যান্টাস্টিক ফোর’ অর্থাৎ মেসি, আনেহল দি মারিয়া, সের্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইনকে রেখেছিলেন আলেহান্দ্রো সাবেইয়া। আর শুরু থেকে পুরো সময়ে তাদেরকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন ইরানের খেলোয়াড়রা।

যখন মনে হচ্ছিল খেলা গোলশূন্য ড্র হতে যাচ্ছে ঠিক সেই সময়ে নিজের জাত চেনালেন মেসি। ডি বক্সের বাইরে বল পেয়ে সামনের দিক একটু এগিয়ে বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ শটে লক্ষ্যভেদ করেন এই ফুটবল জাদুকর।

শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাও শুরু থেকেই ভীষণ রক্ষণাত্মক ছিল ইরান। বেশির ভাগ সময় নিজেদের অর্ধেই এগারো জন খেলোয়াড় নিয়ে খেলছিল তারা।

১৫তম মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় আর্জেন্টিনা। ফের্নান্দো গাগো বল পাঠিয়েছিলেন ডি বক্সে কিন্তু গনসালো হিগুয়াইন পরাস্ত করতে পারেননি ইরানের গোলরক্ষক হাগিগিকে।

২২তম মিনিটে হিগুয়াইনের পাস থেকে আগুয়েরোর শট ফিরিয়ে দিয়ে আবারও ত্রাতা হাগিগি। পরের মিনিটে মেসির কর্নার থেকে মার্কোস রোহোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৬তম মিনিটে মেসির ফ্রিকিক থেকে এসেকিয়েল গারায়ের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধে খেলার ধারার বিপরীতে দুটি সুযোগ পেয়েছিল ইরানও। ৩৪তম মিনিটে ইরানের দারুণ একটি প্রতি-আক্রমণ ব্যর্থ করে দেন পাবলো সাবালেতা। আর ৪২তম মিনিটে কর্নার থেকে জালাল হুসাইনি হেড লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে মেসির পাস থেকে গোলের সুযোগ পেয়ে যায় দলটি। কিন্তু সাবালেতা বল বাইরে মেরে দলকে হতাশ করেন। কিছুক্ষণ পর গোললাইনের ঠিক সামনে রোহার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি আগুয়েরো।

প্রথমার্ধে নিজেদের একদমই গুটিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে যাচ্ছিল ইরান। এমন একটি আক্রমণ থেকে ৫৩তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ফরোয়ার্ড রেজা ঘুচানেজাদ। তার হেড থেকে দলকে রক্ষা করেন রোমেরো।

৬৭তম মিনিটে আবারো আর্জেন্টিনার ত্রাতা রোমেরো। আশকান দোজাঘানের হেড লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রোমেরো।

৭৫তম মিনিটে সরাসরি হাগিগির দিকে শট নিয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন দি মারিয়া। ৮৬তম মিনিটে প্রতি আক্রমণ থেকে দারুণ একটি সুযোগ পেয়েছিল ইরান। আলিরেজার পাস থেকে ঘুচানেজাদের জোরালো শট ঝাঁপিয়ে রক্ষা করেন রোমেরো।

এরপর যোগ করা সময়ে মেসির দুর্দান্ত ওই গোলে উল্লাসে ভাসে আর্জেন্টিনা সমর্থকরা।

এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই 'এফ' গ্রুপ থেকে নক আউট রাউন্ডে উঠলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এফ গ্রুপের পয়েন্ট তালিকা:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
আর্জেন্টিনা২২০০৩১+২৬
নাইজেরিয়া১০১০০০০১
ইরান২০১১০১−১১
বসনিয়া১০০১১২−১০