২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরলোকে আটকেই সফল কোস্টা রিকা

ইতালি-বধের রহস্য উন্মোচন করলেন কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তো ও মিডফিল্ডার সেলসো বোর্হেস। এ দুজন জানিয়েছেন, ইতালির প্লে-মেকার আন্দ্রেয়া পিরলোকে তার স্বাভাবিক পাসিং খেলা খেলতে না দেয়ার পরিকল্পনা সফল হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:01 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পুরনো খবর:

ইতালিকে হারিয়ে কোস্টা রিকার ইতিহাস
'কোস্টা রিকার বিশেষ দিন'

শুক্রবার রেসিফির আরেনা পের্নামবুকোতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে 'ডি' গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করে কোস্টা রিকা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বোর্হেস জানান, মাঠে কোচের পরিকল্পনার সঠিক রূপায়ন করতে পেরেছেন তারা।

"আমাদের পরিকল্পনা ছিল তাকে সামনের দিকে, বিশেষ করে বালোতেল্লি আর অন্য স্ট্রাইকারদের বল যোগানো থেকে বিরত রাখা। এটা কাজে লেগেছে।"

পিরলোকে নিয়ে মাঠে তারা কিভাবে কাজ করেছেন তাও বলেন বোর্হেস।

"সে যখনই বল পেয়েছে, কাউকে না কাউকে নিশ্চিত করতে হয়েছে যেন সে বলটা ফরোয়ার্ডে না দিতে পারে।"

প্রথমার্ধে পিরলোকে আটকে রাখাটা খুব কঠিন ছিল বলে উল্লেখ করেন বোর্হেস। এই সময় পিরলো অসাধারণ দুটি পাসও দিয়েছিলেন এসি মিলানের স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে। কিন্তু ভালো দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

কোস্টা রিকার কোচ অবশ্য পিরলোকে আটকানোর পরিকল্পনা ভালোভাবেই কাজে এসেছে বলে মনে করেন।

"পিরলোকে আমরা খুব ভালোভাবেই আটকাতে পেরেছি। তাকে আমরা নিয়ন্ত্রণে রেখেছি এবং তার উদ্যোগগুলো আটকাতে পেরেছি।"