২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোস্টা রিকার বিশেষ দিন'

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোস্টা রিকার কোচ হোর্হে লুইস পিন্তোর আবেগাপ্লুত হয়ে পড়ারই কথা। আবেগ সামলে পিন্তো ইতালির বিপক্ষে দারুণ জয়টিকে কোস্টা রিকার জন্য 'বিশেষ' আর 'ঐতিহাসিক' বলে ঘোষণা দিয়ে দিলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 05:20 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

রেসিফির আরেনা পের্নামবুকোতে অধিনায়ক ব্রায়ান রুইসের গোলে শুক্রবার ইতালিকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকেট পেল কোস্টা রিকা।

এমন দিন কোস্টা রিকার ফুটবল ইতিহাসে খুব বেশি আসেনি। এর আগে নিজেদের অভিষেক বিশ্বকাপে ১৯৯০ সালে শেষ ষোলোতে উঠেছিল কোস্টা রিকা। এর পর কেটে গেছে ২৪ বছর। দুই যুগে ৫টি বিশ্বকাপের ৩টিতেই মূল পর্বে খেলা হয়নি তাদের, ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি।

এবার কঠিন এক গ্রুপে পড়েও পুরানো কীর্তিকে ছুঁতে পেরে দারুণ উচ্ছ্বসিত কোস্টা রিকার কোচ।

"আজকের দিনটি খুবই বিশেষ। জানতাম, আজ আমরা ইতিহাস গড়তে পারি এবং ইতিহাস আমরা গড়েছিও।"

চার বারের চ্যাম্পিয়ন ইতালি, দুবার বিশ্বকাপ জয়ী উরুগুয়ে আর ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের গ্রুপে পড়া কোস্টা রিকাকে আগেই সবাই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল।

আর সব হিসেব-নিকেশ পাল্টে গ্রুপের তিন বিশ্ব চ্যাম্পিয়নকে পেছনে ফেলে সবার আগে নক আউট পর্বে উঠে গেল কোস্টা রিকা। আর 'ডি' গ্রুপের মৃত্যুকূপ থেকে এরই মধ্যে বিদায় নেয়া ইংল্যান্ডের সঙ্গী হবে ইতালি ও উরুগুয়ের যে কোনো একটি দল।

দলের এমন সাফল্যের জন্য খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদেরও কৃতিত্ব দেন কলম্বিয়ায় জন্ম নেয়া পিন্তো।

"কোস্টা রিকার মানুষ উদযাপন করতে পারে। জাতীয় দলের সঙ্গে তাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ট এবং এটা খুব ভালো কাজ করছে।"

পিন্তো কোস্টা রিকার দায়িত্ব নিয়েছেন ২০১১ সালে। তার অধীনে ৩টি বছর দল খুব পরিশ্রম করেছে এবং এই সাফল্য তারই ফসল বলে মনে করেন তিনি।

তবে পিন্তো আর তার দল এখানেই থেমে থাকতে চান না। বিশ্বকাপটা অনেক কঠিন জেনেও আরো এগিয়ে যেতে চান পিন্তো।