২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের জয়ে উজ্জ্বল ভালেন্সিয়া

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইকুয়েডর। আক্রমণাত্মক ফুটবলের সুফল পেয়েছে দলটি। এনের ভালেন্সিয়ার নৈপুণ্যে হন্ডুরাসকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:13 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

দুই অর্ধে একটি করে গোল করেন ভালেন্সিয়া।

কাগজে কলমের হিসাবে 'ই' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে চার দলেরই। তবে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফ্রান্সের উত্তরণ প্রায় নিশ্চিত।

বুধবার শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলবে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর। একই সময়ে অন্য ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্সের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের পয়েন্ট তিন আর হন্ডুরাসের শূন্য।

শুক্রবার কুরিচিবার আরেনা দা বাইশাদা স্টেডিয়ামে শুরু থেকেই প্রাণবন্ত ফুটবল খেলেছে ইকুয়েডর ও হন্ডুরাস। নিজেদের প্রথম ম্যাচে হারায় দুটি দলই মরিয়া ছিল তিন পয়েন্টের জন্য।

১৯তম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল ইকুয়েডরই। এমিলিয়ো ইসাগিরের কড়া পাহারায় থাকা ভালেন্সিয়া বাইরে মেরে সুবর্ণ সুযোগটি নষ্ট করেন।

ম্যাচের ৩১ মিনিটে হন্ডুরাসের প্রথম সত্যিকারের সুযোগটিকে গোলে পরিণত করেন কার্লো কোস্তলি। নিজেদের গোলরক্ষকের কাছ থেকে বল পেয়েছিলেন এই স্ট্রাইকার। বুক দিয়ে বল নামিয়ে সঙ্গে লেগে থাকা মার্কারকে ফাঁকি দিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর এই গোলেই হন্ডুরাসের ৩২ বছরের অপেক্ষার অবসান হয়। ১৯৮২ সালের ২১ জুন বিশ্বকাপে শেষ গোল পেয়েছিল মধ্য আমেরিকার দেশটি। কোস্তলির জন্মের ২৭ দিন আগে হওয়া সেই ম্যাচে খেলেছিলেন তার বাবা অ্যালান অ্যান্থনি কোস্তলি। এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি হন্ডুরাস শিবিরে। তিন মিনিট পরেই সমতা আনেন ভালেন্সিয়া। কার্লোস পারেদেসের শট হন্ডুরাসের এক খেলোয়াড়ের পায়ে লাগলে সুযোগটি তৈরি হয়। গোল লাইনের ঠিক সামনে বল পেয়ে জালে জড়াতে কোনো ভুল করেননি ভালেন্সিয়া। ইনজুরি সময়ে অফসাইডের কারণে হন্ডুরাসের একটি গোল বাতিল হয়ে যায়। গোল দেয়ার সময় বলে হাত লাগানোয় হলুদ কার্ডও দেখেন জেরি বেংটসন। ৬৫তম মিনিটে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া। ওয়াল্টার আইওভির ফ্রিকিক থেকে ইকুয়েডর স্ট্রাইকারের নিখুঁত হেড ফেরানোর কোনো সুযোগই ছিল না নোয়েল ভায়াদারেসের। বিশ্বকাপে এটি ভালেন্সিয়ার তৃতীয় গোল। এরপরও সুযোগ এসেছিল দুই দলের সামনে। কিন্তু কোনো দলই স্ট্রাইকারদের ব্যর্থতায় সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।