২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের হ্যাটট্রিক বিভ্রাট

প্রথমে সাঙ্গাকারা, শেষে এরাঙ্গা আর মাঝে চান্দিমালকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক করলেও বুঝতে পারেননি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। পরে লাউড স্পিকারে দেয়া ঘোষণায় বুঝতে পারেন, টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তিনি পরপর তিন বলে উইকেট পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 02:37 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শুক্রবার শ্রীলঙ্কা বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিনের ৬৩ তম ওভারে ব্রডের ‘হ্যাটট্রিক বিভ্রাট’ এর শুরু। সেই ওভারের শেষ বলে ইয়ান বেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন কুমার সাঙ্গাকারা।

নিজের পরের ওভার ফিরে প্রথম দুই বলে দীনেশ চান্দিমাল ও সামিন্দা এরাঙ্গাকে ফেরান ব্রড, হয়ে যায় হ্যাটট্রিক। কিন্তু আগের ওভারে শেষ বলে সাঙ্গাকারার উইকেটটি একই সঙ্গে যেন ব্রড ও তার ইংল্যান্ড সতীর্থদের সবার মন থেকে উধাও হয়ে যায়।

এমনকি এরাঙ্গা আউটের পরের বলে দর্শক সারি থেকেও ব্রডের ‘সম্ভাব্য হ্যাটট্রিক’ নিয়ে শুরু হয় চিৎকার। সেই বলে নুয়ান প্রদীপকে আউট করতে পারেননি ব্রড।

তবে হ্যাটিট্রক ‘না হওয়ার’ হতাশা বেশিক্ষণ থাকেনি ব্রডের। বিভ্রাটের সমাধান হয় লাউড স্পিকারে হ্যাটট্রিকের ঘোষণায়। ব্রডও ততক্ষণে বুঝতে পারেন- তার হ্যাটট্রিকটা হয়ে গেছে।

ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দুটি হ্যাটট্রিক করলেন ব্রড। ২০১১ সালে ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

ব্রডের আর প্লানকেটের আঘাতে ১ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা ২২৮/৫ থেকে পরিণত হয় ২২৯/৯ এ। শেষপর্যন্ত ২৫৭ রানে শেষ হয় তাদের প্রথম ইনিংস।

৪৬ রানে ৩ উইকেট নেন ব্রড। আর ৬৪ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার প্লানকেট।