অদম্য ফ্রান্সের সামনে সুইজারল্যান্ড
১৯৯৮ বিশ্বকাপ থেকে অদ্ভুত এক চক্রে পড়ে গেছে ফ্রান্স। হয় তারা বিশ্বকাপের ফাইনালে ওঠে, অথবা কোনো ম্যাচই জিততে পারে না! এবার প্রথম ম্যাচ যখন জিতেছে ৩-০ গোলে, তখন ফরাসি সমর্থকরা আশাবাদী হবেন না কেন!
সালভাদরে বাংলাদেশ সময় শনিবার রাত একটায় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামছে ফ্রান্স ওই আশাকে সঙ্গী করেই। আর সেখানে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত প্রায়।
অনুপ্রেরণা কম নেই সুইসদেরও। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে পিছিয়ে ছিল তারা শুরুতে। কিন্তু ইনজুরি সময়ে হারিস সেফেরোভিচের গোলে ঠিকই তিন পয়েন্ট নিয়ে শেষ করে খেলা।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের খেলার ধরনের কারণেও আত্মবিশ্বাসী শোনাল আগের ম্যাচের নায়ক সেফেরোভিচের কণ্ঠ, "ফ্রান্স অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। যে কারণে ইকুয়েডর ম্যাচের চেয়ে বেশি জায়গা পাব আমরা। হ্যাঁ, তাদের আক্রমণভাগ খুব শক্তিশালী। আবার বেশি আক্রমণ করতে গিয়ে এটিই তাদের দুর্বলতার জায়গা হয়ে যেতে পারে।"
প্রথম ম্যাচে জিতেছে বলে একাদশে পরিবর্তনের সম্ভাবনা এমনিতেই কম। তবে ফ্রান্স কোচ দিদিয়ে দেশম প্রথম একাদশে অলিভিয়ে জিরুদকে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে বেনজেমা চলে যাবেন বাঁয়ে আর হন্ডুরাসের বিপক্ষে ওই পজিশনে খেলা আন্তোয়ান গ্রিজমান বেঞ্চে।
ইউরোপের এই দুই প্রতিবেশীর ফুটবল-গালিচায় দেখা সাক্ষাৎ হয় প্রায়শ। সেখানে পরাশক্তি ফ্রান্সের বিপক্ষে সুইজারল্যান্ডের রেকর্ড বিস্ময়কর রকম ভালো। আগের ৩৬ দ্বৈরথের মধ্যে ফরাসিদের ১৫ জয়ের বিপরীতে সুইসরাও যে জিতেছে ১২ ম্যাচ! আর সর্বশেষ তিন ম্যাচে জেতেনি কোনো দল।
‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নামার আগে তাই ফ্রান্সের জয়ের নিশ্চয়তা দেওয়ার কোনো উপায় নেই, তা প্রথম ম্যাচে তাদের যত অদম্যই দেখাক না কেন!
