সিনেমাও হার মেনেছে: তাবারেস
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া উরুগুয়ে সিনেমার গল্পকে হার মানিয়েই ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন কোচ অস্কার তাবারেস। ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়কে দেশপ্রেমের ফসল হিসেবেই দেখছেন তিনি।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টা রিকার কাছে হেরে যাওয়ার পর অনেকেই উরুগুয়ের বাদ পড়ার সম্ভাবনা দেখেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আরেনা দে সাও পাওলোতে লুইস সুয়ারেসের জোড়া গোলে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আমেরিকার দেশটি।
এমন এক জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাবারেস, "এটা সিনেমার গল্প হলেও উরুগুয়ের জন্য এত ভালো করে লেখা যেত না।"
১৯৭০ সালের পর এই প্রথম ইউরোপের কোনো প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি তাবারেসের কাছে অনেক কিছুর প্রতীক।
তাবারেসের কাছে, এই জয় প্রমাণ করেছে উরুগুয়ে এখনো শেষ হয়ে যায়নি। তাবারেসের মতে 'ভয়ঙ্কর প্রতিপক্ষ' ইংল্যান্ডের বিপক্ষে এই জয়টি উরুগুয়ে দলে একরাশ সুবাতাসও নিয়ে এসেছে।
ইংল্যান্ডের বিপক্ষে জয় আপাতত না হয় স্বস্তি এনে দিল, কিন্তু শেষ ষোলোতে ওঠার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। সেটা নিশ্চিত করতে উরুগুয়ের পরবর্তী বাধা চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
এই প্রশ্নে এসে আবার বিনম্র তাবারেস। তিনি সবাইকে মনে করিয়ে দিলেন, দুটি বিশ্বকাপ জয়ী উরুগুয়ে এবার শিরোপার দাবিদার নয়।
"আমরা ফেভারিট নই, আর একটি ম্যাচ জিতে রাতারাতি তা হয়েও যাচ্ছি না। আমাদের লক্ষ্য, যেকোনো প্রতিপক্ষের জন্যই শক্ত বাধা হয়ে ওঠা।"
