২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক রক্ষণ ভাঙতে ব্যর্থ জাপান

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল রাখতে জয়ের বিকল্প ছিল না জাপান ও গ্রিসের সামনে। কিন্তু সে লক্ষ্যে পৌঁছতে পারেনি কেউই, ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 06:27 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩ গোল খেলেও গ্রিক রক্ষণ নিয়ে প্রতিপক্ষের দুশ্চিন্তা যে এতসহজে শেষ হওয়ার নয়, আবারো তার প্রমাণ মিললো। ১০ জনের গ্রিক দলের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও খালি হাতেই ফিরতে হয়েছে জাপানকে।

জিততে না পারলেও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা কিন্তু এখনও আছে দল দুটির। সেক্ষেত্রে অবশ্য শেষ ম্যাচে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না তাদের, নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপরও।

জাপান ও গ্রিস, দু’দলই হার দিয়ে তাদের বিশ্বকাপে পথচলা শুরু করে। প্রথম ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ গোলে হারে জাপান। আর কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল গ্রিকরা।

টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন উজ্জ্বল রাখতে বৃহস্পতিবার তাই দুই দলেরই লক্ষ্য ছিল জয়। সে লক্ষ্যে নাতালের স্তাদিও দাস দুনাসে শুরুটা দারুণ করে জাপান। আক্রমণাত্মক খেলে প্রথমার্ধের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখে তারা।

প্রথমার্ঝের মাঝামাঝি সময়ে গোলও পেতে পারতো এশিয়ার দলটি। কিন্তু ২৫ গজ দূরে থেকে নেয়া কেইসুকে হোন্ডার শটটি ঠেকিয়ে দেন গ্রিক গোলরক্ষক ওরেস্টিস কারনেজিস। বিরতির মিনিট সাতেক আগে বড় একটা ধাক্কা খায় ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। প্রতিপক্ষের অধিনায়ক মাকোতো হাসেবেকে বিপজ্জনকভাবে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রিসের অধিনায়ক কোস্তাস কাতসুরানিস। একজন কম নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমনে মনোযোগী হয়ে ওঠে গ্রিস। পঞ্চদশ মিনিটে ভালো একটা সুযোগও পায় তারা। কিন্তু কর্নারে ফরোয়ার্ড থিওফানিস গেকাসের নেয়া দারুণ হেডটি ঝাঁপিয়ে পড়ে রুখে দেন জাপানের গোলরক্ষক এইজি কাওয়াশিমা। মাঝে মধ্যে গ্রিকরা পাল্টা আক্রমণে গেলেও দ্বিতীয়ার্ধেও মাঠের দখল কিন্তু এশিয়ানদের হাতেই ছিল। সুযোগও ঢের পেয়েছে তারা, কিন্তু গোলের দেখা মেলেনি। তবে এই দুই দলের না পারার মধ্যে হাসি ফুটেছে কলম্বিয়ার। টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে লাতিন আমেরিকার দলটির। দিনের শুরুতে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-০ গোলে হারায় কলম্বিয়া। ওই ম্যাচটি জিতেই নকআউট পর্বে এক পা রাখে রাদামেল ফালকাওয়ের দেশটি। প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষে ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেরা ষোলোতে ওঠা কলম্বিয়ার পয়েন্ট ৬। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোত দি ভোয়া (আইভরি কোস্ট)। জাপান ও গ্রিসের পয়েন্ট সমান ১ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে জাপান।