২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবেন-ফন পের্সি জুটিতে উড়ছে ডাচরা

অস্ট্রেলিয়া তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে, কিন্তু নেদারল্যান্ডসকে ঠেকাতে পারেনি তারা। এর কারণ একটাই-অস্ট্রেলিয়ার বিশ্বমানের স্ট্রাইকার ছিল একজন, আর ডাচদের দুজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:26 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

আরিয়েন রবেন আর রবিন ফন পের্সি-এই দুই ফরোয়ার্ডের ওপর ভর করেই উড়ছে ডাচরা। গ্রুপ পর্বের দুই ম্যাচে নেদারল্যান্ডস গোল পেয়েছে ৮টি। এর মধ্যে ৬টি গোলই করেন এই দু'জন।

নেদারল্যান্ডস পেছন পায়ে চলে গেলেও ত্রাতার ভূমিকায় দেখা দিতে পারেন রবেন আর ফন পের্সি। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে দলকে সমতায় ফিরিয়েছিলেন ফন পের্সি। ফরতালেজায় বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাচরা ৩-২ গোলের জয় পেয়েছে এই দুজনের কল্যাণেই।

এর মানে এই নয় যে, রবেন-ফন পের্সি ছাড়া নেদারল্যান্ডস দলের বাকিরা সাধারণ মানের খেলোয়াড়। সব মিলে দারুণ এক দল তারা। বাছাইপর্বে একটি দল হিসেবেই অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে তারা।

বিশ্বকাপ অবশ্য অন্যরকম। এখানে দুর্বল দলের সংখ্যা খুব কমই। খেলোয়াড়দের মধ্যে পার্থক্যও খুব অল্প। এখানে ফন পের্সি আর রবেন পার্থক্য গড়ে দিতে এবং বিশেষ কিছু উপহার দিতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রবেনের করা প্রথম গোলটিও এরই উদাহরণ। ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে রবেনের পিঠে সেঁটে থাকা 'স্বার্থপর' বিষয়টিও মিশে ছিল গোলটির সঙ্গে।

মাঝমাঠে নিজেদের অর্ধে বল পেয়ে অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড়কে কাটিয়ে গোলের দিকে এগিয়ে যান রবেন। তার ডান পাশে ফন পের্সি ফাঁকায় দাঁড়িয়েছিলেন। বেশির ভাগ খেলোয়াড়ই বলটিকে পাস দিতেন। কিন্তু পের্সিকে বল না দিয়ে রবেন আরো এগিয়ে গেলেন। এর পর বল পাঠিয়ে দিলেন অস্ট্রেলিয়ার জালে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফন পের্সির গোলটিও ছিল তার ট্রেডমার্ক স্টাইলে। ফন পের্সির সবচেয়ে বড় সম্পদ তার দৌড়ের সময় জ্ঞান। এটি দিয়েই তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের অফসাইড ফাঁদ খুব সহজে ভাঙতে পারেন।

এই দৌড়েই তিনি ডিফেন্ডারদের বোকা বানান। ডিফেন্ডারদের লাইন্সম্যানের কাছে অফসাইডের আবেদন করা ছাড়া আর কিছু আর করতে থাকে। আর ফন পের্সি নিজের গোল করার কাজটি খুব সহজেই সেরে ফেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি তাই করেন।

ফন পের্সি এটাকে সত্যিই সহজ বলে ভাবেন। ম্যাচ শেষে তিনি বলেন, "সমতায় ফেরা গুরুত্বপূর্ণ ছিল। এ ক্ষেত্রে আপনাকে এই ধরণের সুযোগ নিতেই হবে।"