খুঁড়িয়ে মাঠ ছাড়লেন রোনালদো
পর্তুগালের বিশ্বকাপ অভিযানে ক্রিস্তিয়ানো রোনালদোর চোট নিয়ে ফের দুশ্চিন্তা যোগ হয়েছে।
বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও অনুশীলন পর্ব শেষ হওয়ার আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। তাছাড়া মাঠ ছাড়ার সময় তার বাঁ হাঁটুতে বরফ বাঁধা দেখা যায়।
সদ্য শেষ হওয়া গত মৌসুমের শেষের দিকের অনেকটা সময়ই বাঁ হাটু ও ঊরর চোটে ভুগেছেন গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো। একই কারণে এবারের বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে সবগুলো প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি।
চোট কাটিয়ে জার্মানির বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেললেও কোনো ভূমিকা রাখতে পারেন নি রোনালদো। দলও হারে ৪-০ গোলের বিশাল ব্যবধানে।
জার্মানির বিপক্ষে ফল বিপর্যয়, চোটের কারণে ফাবিও কোয়েন্ত্রাওয়ের ছিটকে পড়া এবং পেপের লাল কার্ড এমনিতেই শঙ্কার মুখে ফেলে দিয়েছে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন।
বিশ্বকাপে টিকে থাকতে আগামী রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই পর্তুগিজদের সামনে। এমন অবস্থায় দলের সেরা তারকা রোনালদোর আবার কোনো চোট আরো খারাপ অবস্থায় ফেলে দেবে ইউরোপের দলটিকে।
জার্মানির বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও। ওই ম্যাচেই লাল কার্ড পান ডিফেন্ডার পেপে।
এখানেই শেষ নয়, গত রোববারের ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরোয়ার্ড হুগো আলমেইদা। তাছাড়া ঊরুর চোটে ভুগছেন গোলরক্ষক রুই পাত্রিসিও।
