ব্রাজিলের সমস্যা মিডফিল্ডে?
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ব্রাজিলকে 'অগোছালো' বলেছিল অনেকেই। শিরোপা প্রত্যাশী দলটির পারফরম্যান্সের কাটাছেড়া বেশি হলো মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর। সাংবাদিকদের প্রশ্ন আর ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির জবাবে বেরিয়ে এলো, ব্রাজিলের মূল সমস্যা আসলে মিডফিল্ডে।
মঙ্গলবার ফরতালেজার স্তাদিও কাস্তেলাওয়ে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করার পর ব্রাজিল ভক্ত-সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে হতাশা। তবে মেক্সিকোর সঙ্গে ড্র ম্যাচে ব্রাজিলের খেলার 'উন্নতি' দেখছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের চেয়ে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল দল 'উন্নতি' করেছে বলে মনে করেন স্কলারি। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ নিজেও মাঝমাঠ নিয়ে শঙ্কার কথা বলেন।
ব্রাজিলের গ্লোবো টিভির ধারাভাষ্যকার ম্যাচের সময় মন্তব্য করেন, ব্রাজিলের প্রতিপক্ষের খেলোয়াড়দের আরো কড়া পাহারায় রাখা উচিত। প্রতিপক্ষের জন্য মাঠটাও ছোট করা কথা বলেন তিনি।
ম্যাচ শেষে স্কলারি বললেন অন্য একটি সমস্যার কথা, "কখনো কখনো শট না নিয়ে আমরা পাস দিয়েছি। আমি তাদের বলেছিলাম কখনো কখনো শট নিতে হবে। নিজেদের শটের প্রতি বিশ্বাস থাকা প্রয়োজন।"
দুই ম্যাচ মিলিয়ে স্কলারি তার হাতে থাকা প্রায় সব মিডফিল্ডারকেই ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামিয়েছেন। কিন্তু ব্রাজিলের এই দলে সত্যিকার অর্থে বল-প্লেয়ার কোনো মিডফিল্ডার নেই।
অথচ ফরোয়ার্ডে নেইমারের মতো একজন খেলোয়াড় থাকায় মাঝমাঠে বল-প্লেয়ার একান্তই দরকার ছিল ব্রাজিলের।
এ বিষয়ে ব্রাজিল কোচ কিছু না বললেও মেক্সিকো ম্যাচ শেষে গুস্তাভো ও পাউলিনিয়োর পারফরম্যান্স নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান।
বিশ্বকাপের আগেই ব্রাজিলের রক্ষণকে এই দেশটির ইতিহাসের অন্যতম সেরা বলা হচ্ছিল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সেটা তারা দেখিয়েছেও।
নেইমার আর অস্কার আছেন বলে আক্রমণভাগের দুর্বলতাটা অতটা বেরিয়ে আসছে না। তবে মেক্সিকোর বিপক্ষে অস্কার তার সেরা খেলাটা খেলতে পারেননি।
আগামী সোমবার ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি এখন ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচে স্কলারির মাঝমাঠের লাইনআপটা কি হবে, সেটা লক্ষ্য করার মতো একটি বিষয়ই।
