২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেই খুশি কেইরোস

নাইজেরিয়ার বিপক্ষে বাজে ফুটবল প্রদর্শনী নিয়ে যতই সমালোচনা হোক না কেন গোলশূন্য ড্র নিয়ে কিন্তু খুশি ইরান কোচ কার্লোস কেইরোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 06:22 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

সোমবার আরেনা বাইশাদায় এই আফ্রিকা ও এশিয়ার দলের খেলা দেখতে মাঠে গিয়েছিল ব্রাজিলের ফুটবল সমর্থকরাও। খেলা ভালো লাগেনি বলে দুই দলকেই দুয়ো দিয়েছে তারা।

কেইরোস অবশ্য তার দলের খেলোয়াড়দের চোয়ালবদ্ধ পণ আর লড়াইয়ের মধ্যে অন্যরকম এক সৌন্দর্য খুঁজে পেয়েছেন।

তার মতে কোনো দল যখন মন প্রাণ আর আবেগ দিয়ে খেলে তখনও কিন্তু ম্যাচ আকর্ষণীয় হতে পারে।

নাইজেরিয়ার সঙ্গে ড্র করেই ম্যাচ শেষে আনন্দে মেতে ওঠে ইরানের খেলোয়াড়রা। মোজাম্বিকে জন্ম নেয়া পর্তুগালের কোচ দলের এই উদযাপনের ব্যাখ্যা দিতে গিয়ে বাস্তব একটা সত্যও তুলে ধরেন। 

ইরান দলে লিভারপুল, চেলসি বা লাৎসিও থেকে আসা কোনো খেলোয়াড় নেই। তাই একটি পয়েন্ট পেয়েই ইরান দলের যে উদযাপন এটা তাদের পরিশ্রম আর মনোযোগের সফলতার জন্যই বলে উল্লেখ করেন কেইরোস।

ইরানের বিশ্বকাপ ইতিহাস দেখলেও যে কেউ বলবে এই ড্রয়ের উদযাপন তারা করতেই পারে। ১৯৭৮ সালে বিশ্বকাপ অভিষেক হওয়ার পর এই প্রথম কোনো ম্যাচে গোল না খেয়ে মাঠ ছেড়েছে তারা।