২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি বনাম রোনালদো?

‘ম্যাচটি রোনালদোর বিপক্ষে জার্মানির না, পর্তুগালের বিপক্ষে জার্মানির’, জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেসের এই কথায় ভুল নেই কোনো। কিন্তু ওই বাক্যটির পেছনে ঘাপটি মেরে থাকা সত্যও তাতে আড়াল করা যাচ্ছে না। কই, বেশির ভাগ ম্যাচের তো মনে করিয়ে দিতে হয় না যে, খেলাটি ১১ জনের সঙ্গে ১১ জনের! যখন এমনটা বলার প্রয়োজন পড়ে, তখন বুঝে নিতে হয়, ম্যাচটি ঠিক অন্য দশটির মতো না। বাংলাদেশ সময় সোমবার রাত দশটায় জার্মানি-পর্তুগাল দ্বৈরথ সেই ব্রাকেটবন্দী। যে যাই বলুক না কেন, শেষ পর্যন্ত জার্মানির সঙ্গে আজ রোনালদোরই লড়াই। তাতে তিনি জিতলেই কেবল থাকবে পর্তুগালের জয়ের সম্ভাবনা!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 03:13 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

সালভাদরের আরেনা ফন্তে নোভায় ‘জি’ গ্রুপের এই ম্যাচে রোনালদোর মাঠে নামাটা অবশ্য চোটের কারণে অনিশ্চিত হয়ে ছিল গত কিছু দিন। বাঁ হাঁটুর ব্যথায় অনুশীলনে খুব নিয়মিত ছিলেন না। পর্তুগালের দুটি প্রস্তুতি ম্যাচেও ছিলেন অনুপস্থিত। সর্বশেষ ম্যাচটির ৬৫ মিনিট খেললেন তো এর দিন দুয়েক পর অনুশীলনে দেখা গেল হাঁটুতে বরফপট্টি বেধে হাঁটতে। অবশ্য জার্মানির বিপক্ষে ম্যাচের আগে শেষ ট্রেনিং সেশনে ঠিকই ছিলেন ফিফা-ব্যালন ডি’অর জয়ী রোনালদো। না খেলার সংশয় কর্পূরের মতো উবে গেছে তাতে।

না হয় রোনালদো খেললেন, কিন্তু জার্মান-যন্ত্রের গতিরোধ কি করতে পারবেন! কখনো কিন্তু পারেননি। ২০০৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, ২০০৮ ইউরোর কোয়ার্টার-ফাইনাল ও ২০১২ ইউরোর গ্রুপ পর্ব- প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তিন বার এই পর্তুগিজ যুবরাজ মুখোমুখি হয়েছেন জার্মানির। প্রতিটিতেই হার। রেকর্ডের খাতা থেকে জার্মানির প্রেরণা নেওয়ার আছে আরো অনেক। পর্তুগালের বিপক্ষে সব মিলিয়ে ১৭ বারের মুখোমুখিতে তিন হারের বিপরীতে ৯ জয় তাদের। এছাড়া ১৯৯০ বিশ্বকাপ থেকে ধরলে প্রতি আসরের প্রথম ম্যাচে জিতেছে তারা। গ্রুপ পর্বে খেলা ১৮ ম্যাচের মধ্যে ১৩ জয়, চার ড্র ও এক হার। জার্মানির সাম্প্রতিক ফর্মও চোখ ধাঁধানো। ২০১২-র আগস্টের পর থেকে কোনো ম্যাচ হারেনি। জার্মানিকে না হয় এক রোনালদোর বিপক্ষে লড়তে হবে, পর্তুগালকে তো জার্মানির পাশাপাশি যুদ্ধ করতে হবে এসব রেকর্ড-পরিসংখ্যানের সঙ্গেও।

জার্মান কোচ ইওয়াখিম লোর হোমওয়ার্কের সিংহভাগ জুড়ে রোনালদোকে থামানোর কৌশল থাকার কথা। তবে নিজের একাদশ নিয়েও তার সিদ্ধান্ত নেওয়ার আছে। ৪-২-৩-১ ফর্মেশনে দলকে খেলাচ্ছেন তিনি অনেক দিন। বিশ্বকাপ স্কোয়াডে মাত্র একজন সেন্টার ফরোয়ার্ড, মিরোস্লাভ ক্লোসা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে যিনি। তবে ৩৬ বছরের এই ফরোয়ার্ডকে হয়তো প্রথম একাদশে রাখবেন না লো। ‘ফলস নাম্বার নাইন’ হিসেবে মারিও গোটসে, মেসুত ওজিল কিংবা টমাস মুলারকে নামিয়ে দিতে পারেন। বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ইনজুরিতে মিডফিল্ডে সামি খেদিরার সঙ্গে ফিলিপ লামের জুটিতে যেমন রাখতে পারেন আস্থা। অবশ্য লাম উঠে গেলে জার্মানির রক্ষণভাগের দুই পাশই হয়ে পড়বে দুর্বল।

পর্তুগালের শক্তির জায়গা আবার সেটিই। এক উইং দিয়ে রোনালদো, অন্য দিক দিয়ে নানি, গতি, ড্রিবলিংয়ে দলের প্রায় সব আক্রমণই শানানো হবে তাদের দিয়ে। পাউলো বেন্তো খুব করে চাইবেন যেন লামকে মিডফিল্ডে নিয়ে উইংটা উন্মুক্ত রাখেন জার্মান কোচ। রোনালদোর ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা যে বাড়বে তাতে!

বিশ্বকাপের সফলতম দল যে ব্রাজিল, সেটি সবার জানা। কারণ সর্বাধিক পাঁচবারের শিরোপাজয়ী তারা। কিন্তু ‘সফলতম’ বলার ফাঁকে রেকর্ড বইয়ের একটা ফাঁকিও কিন্তু চোখ এড়ানোর উপায় নেই। কারণ ব্রাজিলের চেয়ে বেশিবার সেমি-ফাইনাল খেলেছে জার্মানি, ব্রাজিলের চেয়ে বেশি ম্যাচও। আজ পর্তুগালের বিপক্ষেই যেমন প্রথম দল হিসেবে বিশ্বকাপের শততম ম্যাচ খেলতে নামছে তারা। উপলক্ষটা রাঙিয়ে দিতে জয় ছাড়া অন্য কিছু ভাবারই সুযোগ নেই জার্মানির।

আর সেই জয় নিশ্চিত করতে হলে আগে নিশ্চিত করতে হবে রোনালদোকে ঠেকানোটা। নইলে হুভেডেসকে হয়তো ম্যাচ শেষ তাঁর কথার সংশোধনী দিতে হতে পারে!