গোলেই আর্জেন্টিনাকে জবাব দিতে চায় বসনিয়া
লিওনেল মেসিকে আটকে রেখে নয়, আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবলের জবাব পাল্টা আক্রমণেই দিতে চায় বসনিয়া ও হার্জেগোভিনা। মেসি-আগুয়েরোদের জালে গোল-উৎসবের প্রস্তুতি নিয়েই তারা মাঠে নামবে বলে জানিয়েছেন বসনিয়ার কোচ।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হবে বসনিয়ার। রিও দে জেনেইরোর মারাকানায় বিশ্ব মঞ্চে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে মেসি, আগুয়েরো, হিগুয়াইন, ডি মারিয়া সমৃদ্ধ আক্রমণভাগের।
"আমরা তিন জন ফরোয়ার্ড নিয়ে খেলতে যাচ্ছি এবং আক্রমণে সাহায্য করার জন্য কমপক্ষে দুজন আক্রমণাত্মক মিডফিল্ডার আর দুজন ফুলব্যাক থাকবে।"
বসনিয়ার খেলার ধরণই এটা। আর এই ধরণ আর্জেন্টিনার বিপক্ষে পরিবর্তনের কোনো কারণ নেই বলে উল্লেখ করেন সুসিচ।
আক্রমণাত্মক ফুটবল খেলেই বিশ্বকাপের মূল পর্বে এসেছে বসনিয়া। ম্যানচেস্টার সিটির তারকা এদিন জেকোর নেতৃত্বে বসনিয়ার আক্রমণভাগ ব্রাজিলের টিকেট পাওয়ার পথে প্রতিপক্ষের জালে ৩০বার বল পাঠিয়েছে।
দেশের প্রথম বিশ্বকাপে দলকে নিয়ে ব্রাজিলে যেতে পেরে দারুণ খুশি সুসিচকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে একটি বিষয় প্রেরণা যোগাচ্ছে।
কোস্টা রিকার কাছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের হেরে যাওয়ার কথা উল্লেখ করে আর্জেন্টিনাকে একটা হুমকিই দিয়ে রেখেছেন সুসিচ, "টুর্নামেন্টটা অঘটন দিয়ে শুরু হলো। আমিও আরেকটি অঘটনের আশা করছি।"
