২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশল কাজে লাগায় খুশি প্রানদেল্লি

ইংল্যান্ডের গতিময় ফুটবলকে ছাপিয়ে যেতে দলকে নতুন এক কৌশলে খেলিয়েছেন চেজারে প্রানদেল্লি। এটা কাজে লাগায় ম্যাচ শেষে দারুণ খুশি ইতালি কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:54 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

ইংল্যান্ডকে হারিয়ে ইতালির দারুণ সূচনা

প্রতিআক্রমণ নির্ভর রক্ষণাত্মক ফুটবল ইতালির ঐতিহ্য। লম্বা পাসের ফুটবল খেলার চিরায়ত ইতালিয় দর্শন থেকে বেরিয়ে এসে ছোট পাসে বল দখলের ফুটবল খেলেছে প্রানদেল্লির দল।

শনিবার এই কৌশলে খেলে মানাউসের আমাজনিয়া স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি । ম্যাচ শেষে এই কৌশল নেয়ার কারণ আর নিজের আনন্দের কথা জানান প্রানদেল্লি।

“আমাদের যুক্তি ছিল, ইংল্যান্ডের মতো শক্তিশালী খেলোয়াড় আমাদের নেই, কিন্তু কৌশলের দিক থেকে দক্ষ খেলোয়াড় আছে আমাদের। প্রথমার্ধে আমরা বল দখলে এগিয়ে ছিলাম।"

বল দখলের এই লড়াইয়ে প্রানদেল্লির মূল অস্ত্র ছিলেন আন্দ্রেয়া পিরলো। আর তার সহায়তায় তিনি মাঝমাঠে রেখেছিলেন দানিয়েল দে রস্সি ও মার্কো ভের্রাত্তি। মাঝমাঠের এই ত্রয়ী কৌশলের সফল প্রয়োগ করতে পেরেছেন বলে দারুণ খুশি প্রানদেল্লি।

ড্যানিয়েল স্টারিজ, রাহিম স্টার্লিং আর ড্যানি ওয়েলবেকদের মতো ইংল্যান্ডের তরুণ আর গতিশীল খেলোয়াড়দের থামানোর কাজটাই সবচেয়ে কঠিন আর চিন্তার বিষয় ছিল ইতালি কোচের। তার নতুন কৌশল আর খেলোয়াড়দের দক্ষতার কারণে এটা পরিকল্পনা অনুযায়ী সফল হয়েছে বলে মনে করেন প্রানদেল্লি।

আমাজনের তীব্র গরম আর আর্দ্র আবহাওয়ায় ম্যাচে খেলোয়াড়দের একটু শীতল হওয়ার জন্য কোনো সময় বরাদ্দ ছিল না বলে অবাক হন প্রানদেল্লি। ইতালির খেলোয়াড়রা গরমে ভুগেছে বলে জানান তিনি। তবে গরমকে হার মানিয়ে তারা যেমন খেলেছে তাতে সন্তুষ্ট প্রানদেল্লি।