২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনকে নিয়ে ডাচদের ছেলেখেলা

ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই অবিশ্বাস্য ফুটবল দেখালো ডাচরা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গত বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 03:43 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

লাইভ: স্পেন ১ - ৫ নেদারল্যান্ডস

জোহানেসবার্গে স্পেনের কাছে ১-০ গোলে হেরেই শিরোপা স্বপ্ন ভেঙেছিল নেদারল্যান্ডসের। চার বছর পর সালভাদলের আরেনা ফন্তে নোভায় সেই স্পেনকে নিয়ে রীতিমত ছেলেখেলাই খেললো টোটাল ফুটবলের জন্ম দেয়া দেশটি।

ডাচদের অবিশ্বাস্য এই জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক রবিন ফন পের্সি ও আরিয়েন রবেনের। দুইজনই করেছেন দুটি করে গোল। অন্য গোলটি করেন স্টেফান ডা ভ্রেই।

আরেনা ফন্তে নোভায় অষ্টম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ভেসলি স্নেইডার। স্পেনের গোলরক্ষক কাসিয়াসকে একা পেয়েও তার গায়ে বল মেরে সুযোগটি নষ্ট করেন তিনি।

১৩, ২০ ও ২৩ তম মিনিটে তিনটি দারুণ আক্রমণ গড়েছিল স্পেন। দুবার রুন ভ্লার হতাশ করেন ভিসেন্তে দেল বস্কের শিষ্যদের। অবশেষে ২৭তম মিনিটে আসে সাফল্য। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন চাবি আলনসো।

ডি বক্সে ডা ভ্রেইকে কাটাতে গিয়ে পড়ে যান ব্রাজিলে জন্ম নেয়া দিয়েগো কস্তা। ডা ভ্রেইয়ের পায়ে পা লেগেছিল স্পেনের স্ট্রাইকারে। তবে তাল হারিয়ে তিনি না পড়লেও পারতেন বলে বিতর্ক উঠতেই পারে টিভি রিপ্লে দেখে।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার একটি সুযোগ এসেছিল স্পেনের সামনে। কিন্তু তার সেই চেষ্টাটি ব্যর্থ করে দেন ডাচ গোলরক্ষক ইয়াসপার সিলেসেন।

তখনো বোঝা যায়নি সামনে কি বিপদই না অপেক্ষা করছে 'তিকি-তাকা' ফুটবল খেলা দেশটির সামনে।

৪৪তম মিনিটে ফন পের্সির গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর শুরু নেদারল্যান্ডসের। গোলের উৎস মাঝ মাঠ থেকে ডালে ব্লিন্ডের লম্বা ক্রস। দুই ডিফেন্ডারের পেছনে থাকা ফন পের্সি শেষ সময়ে গতি বাড়িয়ে পৌঁছে যান বলের কাছে। উড়ন্ত হেডে এগিয়ে আসা কাসিয়াসকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন বিশ্ব চ্যাম্পিয়নদের জালে। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না কাসিয়াসের।

দ্বিতীয়ার্ধে আক্রমণে রীতিমত ভয়ঙ্কর হয়ে ওঠে লুইস ফন গালের শিষ্যরা। ৫৩তম মিনিটেই দলকে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখ তারকা রবেন।

ফন পের্সির দূরপাল্লার পাসটি বিপজ্জনক জায়গায় খুঁজে পেয়েছিল রবেনকে। বলটি দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে জেরার্দ পিকেকে কাটান রবেন। পেছনে থাকা সের্হিও রামোসও তার গতির কাছে হার মানেন। কাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল।

৬০তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফন পের্সির জোরালো শট ক্রসবারে লাগলে দারুণ একটি সুযোগ নষ্ট হয় গত আসরের রানার্সআপদের।

চার মিনিট পরই ব্যবধান বাড়ায় নেদারল্যান্ডস। ডা ভ্রেইয়ের প্রথম আন্তর্জাতিক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।

গোলের উৎস ভেসলি স্নেইডারের ফ্রি কিক। তিনি বল পাঠিয়েছিলেন গোলমুখে। লাফিয়ে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন কাসিয়াস। হাত লাগাতে পারেননি তিনি। তাকে ফাঁকি দিয়ে গোল লাইনে চলে আসা বলে কেবল ছোট্ট একটি টোকা দরকার ছিল। বারের কাছে দাঁড়ানো স্টেফান ডা ভ্রেই গায়ে লাগিয়ে সেই কাজটি সারেন।

এরপর ৮ মিনিট পর পের্সির দ্বিতীয় গোলে ব্যবধান আরো বাড়ায় নেদারল্যান্ডস। গোলটির জন্ম কাসিয়াসের মারাত্মক ভুলে। সের্হিও রামোসের ব্যাক পাস পা দিয়ে ঠিক ভাবে থামাতে পারেননি স্পেনের অধিনায়ক। তার পায়ে লেগে বল একটু সামনে এগিয়ে যায়। সুযোগ সন্ধানী ফন পের্সি বল পেয়ে যান। ঝাঁপিয়ে পড়ে শেষ একটা চেষ্টা করেছিলেন কাসিয়াস। কিন্তু তাকে কাটিয়ে বল জালে পাঠিয়ে দেন নেদারল্যান্ডস অধিনায়ক।

৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান রবেনও। স্নেইডারের ডিফেন্স চেরা পাস পেয়েছিলেন রবেন। সঙ্গে দুজন ডিফেন্ডার থাকলেও বায়ার্ন মিউনিখ তারকার গতির কাছে তারা হার মানেন। সামনে ছিলেন গোলরক্ষক কাসিয়াস। তাকেও কাটিয়ে ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে দেন রবেন।

খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে হ্যাটট্রিক প্রায় পেয়েই যাচ্ছিলেন রবেন। ভাইনালডামের জোরালো শট ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন কাসিয়াস। ফিরতি বলে রবেনের জোরালো শটও ঠেকিয় দেন তিনি।

ব্যবধান কমানোর সুযোগ যে স্পেন পায়নি তা নয়। কিন্তু ফের্নান্দো তরেস, দাভিদ সিলভাদের ব্যর্থতায় তার কোনোটিই কাজে লাগাতে পারেনি ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৯৬৩ সালের জুনে স্কটল্যান্ডের কাছে ৬-২ গোলে হারের এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে ৫ গোল খেল স্পেন।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের গত আসরেও নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল স্পেন, সুইজারল্যান্ডের কাছে একমাত্র গোলে হেরেছিল তারা।