২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতোর খোলা চিঠি

ব্রাজিলে যাওয়ার আগে ক্যামরুনের ধর্মঘটে নিজের ভূমিকা ব্যাখ্যা করেছেন ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল এতো। দেশবাসীর প্রতি এক খোলা চিঠিতে নিজের অবস্থান পরিস্কার করেন চেলসির এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

ব্রাজিলগামী বিমানের ওঠার আগে ক্যামেরুন দল ধর্মঘট করায় দেশে সমালোচনার ঝড় উঠে।

শুক্রবার দেশবাসীর প্রতি এক খোলা চিঠিতে এতো জানান, তাদের গত সপ্তাহের ধর্মঘট ছিল ‘উন্নতির জন্য, যা পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক হবে।’

সে সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিকী পতাকা নিতেও অস্বীকৃতি জানান এতোরা। বিশ্বকাপ বোনাসের দাবিতে ডাকা ধর্মঘটের কারণে প্রায় একদিন পর দেশ ছাড়ে দলটি।

এতো বলেন, “আমার সতীর্থদের বোনাসের অধিকারের জন্য (লড়াই করেছি), যেন তারা তাদের দেশের জন্য সেরাটা দিতে পারে।”

এতো মনে করেন, দেশে থাকতেই বিষয়টি শেষ হয়ে গেছে। তাদের আচরণে কেউ আহত হয়ে থাকলে ক্ষমা চেয়ে ৩৩ বছর বয়সী এতো বলেন, “অবশ্যই ভুল বোঝাবুঝি ছিল। তবে ভালোভাবে শেষ হওয়ায় আমরা সন্তুষ্ট।”

মালদোভার বিপক্ষে প্রীতি ম্যাচে জেতার পর প্রধানমন্ত্রীর কাছ থেকে খেলোয়াড়রা পতাকা নিতে অস্বীকৃতি জানান। পরে দলের পক্ষে কোচ ফলকার ফিনকে পতাকা গ্রহণ করেন।

রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের খেতাব আর দলগতভাবে ক্লাব ফুটবলে তিন বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় - ফুটবলে প্রাপ্তি কম নয় এতোর। তবে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হয়েছেন এই তারকা খেলোয়াড়।

২০১১ সালে প্রতিশ্রুত অর্থ না পেয়ে আলজেরিয়ার বিপক্ষে একটি ম্যাচে খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানালে ৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এতো।