জোহানেসবার্গের ফাইনাল ভুলে থাকছেন রবেন
স্পেন-নেদারল্যান্ডস ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত বিশ্বকাপের ফাইনাল। তবে ওই ফাইনালে স্পেনের কাছে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার যন্ত্রণার স্মৃতি কবর দিয়ে আসার কথা জানালেন ডাচ ফরোয়ার্ড আরিয়েন রবেন।
"অবশ্যই এটা বাকি জীবনে আমার ছায়াসঙ্গী হয়ে থাকবে। এটাকে আপনি এড়াতে পারেন না। তবে আমরা এখন সামনের দিকে তাকাচ্ছি। ওই স্মৃতি এখন আর হিসেবের মধ্যে নেই।"
৪ বছর আগের সেই ম্যাচে সম্ভাব্য জয়সূচক গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন রবেন। কিন্তু ডাচ ফরোয়ার্ডের নেয়া শটটি অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছিলেন স্পেনের গোলরক্ষক ইকার কাসিয়াস। রবেনের যন্ত্রণাটাই তাই বেশি হওয়ার কথা। তা হচ্ছেও, কিন্তু স্নায়ুকে দুর্বল হতে দিচ্ছেন না রবেন।
সেই ম্যাচের সঙ্গে জড়িত ছিলেন না নেদারল্যান্ডসের বর্তমান কোচ লুইস ফন গাল। তবে স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনিও। "খেলোয়াড় বা কোচ, যে কারো জন্যই এটা সর্বোচ্চ জায়গা। আমি সবসময়ই বিশ্বকাপে অংশ নিতে চাইতাম। এক সপ্তাহ আগেও স্নায়ুচাপে ভুগিনি, কিন্তু এখন আমি সত্যিই চিন্তিত।"
