২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বল-বুট নয়, নেইমার চান শিরোপা

কে হবেন ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়? তিন জনের সম্ভাব্য ছোট তালিকা করলেও তাতে নাম থাকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের। কিন্তু সেরা খেলোয়াড় হওয়া নেইমারের মূল লক্ষ্য নয়; তিনি চান ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 03:16 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করা নেইমারের বিশ্বকাপ অভিষেক হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ দিয়ে। এর আগে বুধবারের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা শোনান ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের সবচেয়ে বড় ভরসা।

"আমি সেরা খেলোয়াড় হতে চাই না, আমি সর্বোচ্চ গোলদাতাও হতে চাই না...ব্যক্তিগতভাবে যা ঘটার ঘটুক, কিন্তু আমি সবচেয়ে বেশি চাই দলকে নিয়ে চ্যাম্পিয়ন হতে।"

এই লক্ষ্য পূরণে দেশের মানুষকে পাশে চান নেইমার। বিশ্বকাপের আগে কয়েকটি ম্যাচে দারুণ সব জয় পেয়েছে ব্রাজিল। তখন দলের পক্ষে উল্লাস ধ্বনি দিয়েছে সমর্থকরা। কিন্তু বিশ্বকাপের আগে সর্বশেষ প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়টা মন ভরাতে পারেনি ব্রাজিলের মানুষের। ওই ম্যাচে নেইমারদের 'দুয়ো' দিয়েছে তারা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের দলের দ্বাদশ খেলোয়াড় উল্লেখ করে তাদের পাশে থাকার আহবান জানান নেইমার।

"দ্বাদশ খেলোয়াড়ের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু আশা করছি। তারাই কিন্তু আমাদের মূল খেলোয়াড় হতে পারে।"

সমর্থকদের পাশে পেলে ব্রাজিল আরো অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেই বিশ্বাস ২২ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ডের।

"সমর্থকরা যদি পুরো বিশ্বকাপে দলের পাশে থাকে, তাহলে ব্রাজিলকে হারানো কঠিন হবে।"