বেলজিয়াম: ফিরেই চমক দেখানোর প্রত্যয়
বিশ্বকাপে খেলাটা এক রকম নিয়মেই দাঁড় করিয়ে ফেলেছিল বেলজিয়াম। আর শুধু তো অংশগ্রহণ না, বিশ্বসেরাদের কাঁপিয়ে দেওয়ার কাজেও তাদের দক্ষতা ছিল প্রশ্নাতীত। ১৯৮২ থেকে ২০০২-টানা ছয় বিশ্বকাপে উপস্থিতি ছিল ইউরোপের দেশটির। ১৯৮৬ আসরে তো সেমি-ফাইনালে পর্যন্ত উঠেছিল। সেই বেলজিয়াম কিনা ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বই পেরোতে পারেনি!
২০০৩ সালের ১১ অক্টোবরে জাগরেবের তুষারভেজা রাতটি তাই বেলজিয়াম ফুটবলের জন্য বিশেষ কিছু। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে পাওয়া জয়ে নিশ্চিত হয় তাদের বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন।
দুই বিশ্বকাপ বিরতিতে ফেরা দলের কাছে প্রত্যাশাটা সাধারণত একটু কমই থাকে। বেলজিয়ামের ক্ষেত্রে সেটি অন্য রকম। এই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হিসেবে যে দেখা হচ্ছে তাদের! এমনকি অনেক বিশ্লেষক তো তাদের সেমি-ফাইনাল পর্যন্তও দেখছেন। হয়তো অতে দূর যেতে পারবে না মার্ক উইলমটসের দল। কিন্তু এই প্রত্যাশা তার দলের শক্তির গভীরতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
এমন এক দল যখন বেলজিয়ামের, তখন প্রত্যাশার বেলুনটা তো স্বপ্নের আকাশে উড়বেই। স্বপ্নের মতো এক বিশ্বকাপ বাছাইপর্ব সে বেলুনে হিলিয়াম গ্যাস ভরেছে বেশি করে। ‘এ’ গ্রুপে ক্রোয়েশিয়া, সার্বিয়া, স্কটল্যান্ডের মতো দল থাকলেও চ্যাম্পিয়ন হতে সমস্যা হয়নি ‘রেড ডেভিল’দের। ১০ ম্যাচের কেবল দুটিতেই ড্র ’করেছে তারা, একটি শুরুর দিকে আরেকটি ব্রাজিল-যাত্রা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকতার ম্যাচে। সেই নিশ্চিতটা হয়েছে লুকাকুর জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে, জাগরেবের স্মরণীয় সেই হিম হিম রাতে।
কিন্তু এই বেলজিয়ামের লক্ষ্য যে আরো অনেক দূর। বেলজিয়ামের মাঠের পারফরম্যান্সে কেবল সামর্থ্যের প্রতিফলনটা থাকলেই হয়।
এক নজরে:
গ্রুপ: এইচ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৭ জুন | আলজেরিয়া | বেলো হরিজন্তে |
২২ জুন | রাশিয়া | রিও দে জেনেইরো |
২৬ জুন | দক্ষিণ কোরিয়া | সাও পাওলো |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১১ বার
সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৮৬); দ্বিতীয় রাউন্ড (১৯৮২, ১৯৯০, ১৯৯৪, ২০০২)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ১১
কোচ: মার্ক উইলমটস (মে ২০১২ থেকে)
বেলজিয়াম দল:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (চেলসি থেকে ধারে আতলেতিকো মাদ্রিদ), সিমোঁ মিনোলে (লিভারপুল), সামি বোসত।
ডিফেন্ডার: টোবি আল্ডারভেইরল্ড (আতলেতিকো মাদ্রিদ), লরাঁ সিমাঁ, নিকোলাস লম্বার্তস (জেনিত সেন্ত পিটার্সবার্গ), ভিনসেন্ট কোম্পানি (ম্যানচেস্টার সিটি), ড্যানিয়েল ফন বার্টন (বায়ার্ন মিউনিখ), অ্যান্টনি ভান্ডেন বোর (আন্ডারলেখশট), টমাস ভারমিলেন (আর্সেনাল), ইয়ান ভার্টনেন ( টটেনহ্যাম)।
মিডফিল্ডার: নাসের শাদলি (টটেনহ্যাম), মুসা দেম্বেলে (টটেনহ্যাম), স্টিভেন ডেফো (পোর্তো), কেভিন ডি ব্রুইন (ভলফসবুর্গ), মারুয়ান ফেলাইনি (ম্যানচেস্টার ইউনাইটেড), আদনান ইয়ানুজাই (ম্যানচেস্টার ইউনাইটেড), এডেন হ্যাজার্ড (চেলসি), কেভিন মিরালাস (এভারটন), দিভোক ওরিগি (লিল) অ্যাক্সেল উইতসেল (জেনিট)
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু (চেলসি থেকে ধারে এভারটন), ড্রিস মের্টেনস (নাপোলি)
