ইতালি আমার ওপর নির্ভরশীল নয়: পিরলো
বিশ্বকাপে ইতালির সম্ভাবনা পিরলোকে ঘিরেই। তবে এই প্লেমেকারের দাবি, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মোটেও তার ওপর নির্ভরশীল দল নয়।
বুধবার এক সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, ইতালি একক কারো ওপর নির্ভরশীল দল নয়। শিরোপা জিততে দলের সবার অবদানই প্রয়োজন হবে।
২০০৬ সালের ইতালির বিশ্বকাপ জয়ী দলের সদস্য পিরলো বলেন, "আমাদের লক্ষ্য অবশ্যই জেতা আর শেষ পর্যন্ত যাওয়া। আমাদের দলটি প্রতিযোগিতাপূর্ণ আর শিরোপা জিততে আমরা নিজেদের সবটুকুই দেব।"
ইতালির চার শিরোপার সর্বশেষটি জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পিরলোর। ফ্রান্সের বিপক্ষে ফাইনালসহ সেবার তিন ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন তিনি।
শনিবার মানাউসে ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ইতালির। ইংল্যান্ডের কোচ রয় হজসন মনে করেন, পিরলোই হলেন ইতালির সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়।
ফ্রি-কিক থেকে গোল করতে ভালোবাসেন পিরলো। সেই অভ্যাস বিশ্বকাপেও ধরে রাখার প্রতিশ্রুতি ইউভেন্তুসের এই তারকার।
২০১২ সালের ইউরোর কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিল ইতালি। তবে এরপরই সুইজারল্যান্ডে এক প্রীতি ম্যাচে তাদের কাছে ২-১ গোলে হেরে যায় 'আজ্জুরি'রা।
পিরলো জানান, ইংল্যান্ডের তরুণ দলটিকে নিয়ে খুব সতর্ক তারা। তবে প্রথম প্রতিপক্ষকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
বিশ্বকাপে ইতালি নতুন ছকে খেলবে জানিয়ে তিনি বলেন, "একজন হোল্ডিং মিডফিল্ডার ও দুই জন প্লেমেকার থাকবে। আমরা এটি পছন্দ করি আর আমাদের ধারণা এতে আমরা ভালো ফল পাব।"
