দুই স্ট্রাইকার নিয়ে খেলতে পারে ফ্রান্স
অনেক দিন ধরেই ৪-২-৩-১ ফর্মেশনে খেলে আসছে ফ্রান্স। কিন্তু বিশ্বকাপে ১৯৯৮-এর চ্যাম্পিয়নদের খেলতে দেখা যেতে পারে ভিন্ন পদ্ধতিতে। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম ইঙ্গিত দিয়েছেন, দুই জন স্ট্রাইকার নিয়েও খেলতে পারে তার দল।
বিশ্বকাপের আগে সবশেষ প্রীতি ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ৮-০ গোলের জয়ই দেশমের মাথায় দুই স্ট্রাইকার নিয়ে খেলার ভাবনাটি দিয়েছে। ওই ম্যাচে করিম বেনজেমা আর অলিভিয়ের জিরুদ জুটি বেধে দারুণ সফল হয়েছেন।
জ্যামাইকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা জোড়া গোল করেছেন। আর্সেনালের জিরুদও একটি গোল পেয়েছেন।
"অবশ্যই এটা কাজ করতে পারে। আমাদের বলের দখল থাকলে এ নিয়ে সমস্যা কম হবে। কিন্তু আমরা যদি বল কম পাই, তাহলে আক্রমণাত্মক তিন খেলোয়াড়ের কাছ থেকে রক্ষণে সাহায্য বেশি লাগবে।"
জ্যামাইকার বিপক্ষে বেনজেমা অনেকটা বাঁ দিকে চেপে খেলেছিলেন। আর জিরুদ খেলেছেন আক্রমণভাগের মধ্যমণি হয়ে।
হঠাৎ করেই চোট ফ্রাঙ্ক রিবেরিকে বিশ্বকাপের বাইরে ছিটকে ফেলেছে। এ কারণে ফর্মেশন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দেশমকে। দলের প্রত্যেক খেলোয়াড়কেই রিবেরির না থাকার বিষয়টি বারবার মনে করিয়ে দিয়ে বাড়তি পরিশ্রমের কথা বলে দিয়েছেন ফ্রান্সের কোচ।
