নেইমারকে নিয়ে চিন্তায় পেলে
নেইমারকে নিয়ে খুব চিন্তায় আছেন পেলে। ২২ বছর বয়সী নেইমার কাঁধে বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের বড় চাপ বয়ে বেড়াচ্ছেন বলে মনে করেন ব্রাজিলের এই কিংবদন্তি।
দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেক হবে নেইমারের। কিন্তু ব্রাজিলের স্বপ্ন আবর্তিত হচ্ছে তাকে ঘিরেই। ৭ গোল করে ব্রাজিলের সবশেষ ৯ ম্যাচে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
২০১৪ বিশ্বকাপের ব্রাজিল দলের ভিন্ন একটা চরিত্রও তুলে ধরেছেন 'ফুটবল সম্রাট' হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী পেলে।
"ইতিহাসে এই প্রথম ব্রাজিলের আক্রমণভাগের চেয়ে রক্ষণ বেশি ভালো।"
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। স্বাগতিকদের পরের দুটি ম্যাচ ক্যামেরুন ও মেক্সিকোর বিপক্ষে।
