২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র: নিজেদের সেরাটার প্রত্যাশা

‘বাজে গ্রুপগুলোর মধ্যেও এটি সবচেয়ে বাজে’ - ড্রয়ের পর যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের প্রতিক্রিয়া। এমনটা কেনই বা বলবেন না তিনি! বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট জার্মানি তাদের গ্রুপে। আছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। তৃতীয় দল ঘানাকে না হয় হারানো গেল! কিন্তু জার্মানি-পর্তুগালকে টপকে নকআউট পর্বে যাওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য যে অসম্ভব প্রায়!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 04:12 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সেই সম্ভাবনা আরো কমে যাচ্ছে দলটির অধারাবাহিকতার রোগ আর খেলার ধরনের অনিশ্চয়তার কারণে। কোন ছকে ফেলা যায় না ক্লিন্সমানের যুক্তরাষ্ট্রকে। কোনো দিন তারা হয়তো অদম্য, আবার পরের ম্যাচে একেবার গড়পড়তা। ইতালিতে গিয়ে ইতালিকে যেমন হারিয়ে আসে, তেমনি আবার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না পরের ম্যাচগুলোতে।

ক্লিন্সমান দলের একাদশে পরিবর্তন করছেন প্রায় প্রতি ম্যাচে। তিনি দলকে প্রবল গতিতে তুমুল প্রেসিং গেম খেলাতে চাইছেন। কিন্তু মাঠে তার শিষ্যরা খেলছেন অনেকটা কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবল। মার্চে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধ চোখ ধাঁধানো ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। সৌন্দর্য, দক্ষতা, বুদ্ধিদীপ্ততার ছাপের সেই ৪৫ মিনিট ছিল যুক্তরাষ্ট্র জাতীয় দলের ইতিহাসেরই অন্যতম সেরা পারফরম্যান্স। মনে হচ্ছিল যেন অবশেষে নিজেদের খুঁজে পেয়েছে কিন্সমানের শিষ্যরা। কিন্তু সেই ভাবনার গতিপথ উল্টে গেল দ্বিতীয়ার্ধে। পারফরম্যান্সের অবিশ্বাস্য পতনে দুই গোল খেয়ে ম্যাচটি শেষ হলো ২-২ সমতায়!

এই যুক্তরাষ্ট্রকে নিয়ে কিভাবে নকআউট পর্বে যাওয়ার আশা করা যায়।

এমনিতে দলটি কিন্তু মন্দ না। গোলরক্ষক হিসেবে টিম হাওয়ার্ড নির্ভর করার মতো। যুক্তরাষ্ট্রের শক্তিশালী গোলরক্ষকদের ঐতিহ্যবাহী ধারার উত্তরাধিকার তিনি। মিডফিল্ডে মাইকেল ব্রাডলি নিজের দিনে অপ্রতিরোধ্য। সঙ্গী জার্মেইন জোন্সের মাথা গরম হলেও প্রতিভায় ঘাটতি নেই। ফরোয়ার্ডে ক্লিন্ট ডেম্পসির উপর গোলের জন্য ভরসা করা যায়। কিন্তু এই কয়েকজনের সঙ্গে একাদশের বাকি সতীর্থদের মানের পার্থক্য অনেক। এক সুর-লয়ে তাই বেজে ওঠে না যুক্তরাষ্ট্রের সামর্থ্য-সম্ভাবনা, বিশ্বকাপে অমন কঠিন গ্রুপে পড়ায় যেটির বড্ড প্রয়োজন।

বাছাইপর্ব পেরোতে তাদের সমস্যা হয়নি খুব একটা। প্রথম ম্যাচে হন্ডুরাসের কাছে ১-২ গোলে হারের ধাক্কা সামলে ঠিকই পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে পায় ব্রাজিলের টিকেট। ২০তম বিশ্বকাপে এসে চূড়ান্ত পর্বে ওঠে দশমবারের মতো। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য সেই প্রথম আসরে; সেবার সেমি-ফাইনালে উঠেছিল তারা। ২০০২ সালে ওঠে শেষ আটে। এবার কোচ ক্লিন্সমান অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্যের কথা বলেছেন বটে। তবে জার্মানি-পর্তুগালের গ্রুপ থেকে সেটি যে ভীষণ কঠিন হবে, সেটি তার না জানার কথা না।

যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসের জায়গা হল, ২০১৩ সালের টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড। সব মিলিয়ে আগের বছর ১৬টি ম্যাচ জিতেছে তারা। এর মধ্যে আছে জার্মানির বিপক্ষে জয়ও। অবশ্য সেই ম্যাচে জার্মানির নিয়মিত একাদশে অনেক খেলোয়াড় ছিলেন না। ব্রাজিলে থাকবেন সবাই। আর সেটি ক্লিন্সমানের জন্য হবে ভীষণ আবেগের ম্যাচ। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ১৯৯০ সালে, তাঁর কোচিংয়ে দেশটি বিশ্বকাপ খেলেছে ২০০৬ সালে। তাদের বিপক্ষে এবার বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ডাগআউটে বসে থাকবেন ক্লিন্সমান।

তবে সেই আবেগ খোলসবন্দী করে ক্লিন্সমান পেশাদারের মতো নামবেন সাফল্যের সন্ধানে। আর প্রত্যাশায় থাকবেন তার দলের সেরা অংশটুকুই যেন বেরিয়ে আসে বিশ্বকাপে। একমাত্র তখনই সম্ভব, অসম্ভবকে মুঠোবন্দী করা। জার্মানি-পর্তুগালের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া!

এক নজরে:

গ্রুপ: জি

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৬ জুন

ঘানা

নাতাল

২২ জুন

পর্তুগাল

ফোরতালেজা

২৬ জুন

জার্মানি

রেসিফি

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৯ বার

সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৩০), কোয়ার্টার-ফাইনাল (২০০২)

যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে।

খেলার ফর্মেশন: ৪-৪-২

ফিফা র‌্যাঙ্কিং: ১৩

কোচ: ইয়ুর্গেন ক্লিন্সমান (জুলাই ২০১১ থেকে)

গোলরক্ষক: টিম হাওয়ার্ড (এভারটন), ব্র্যাড গুজান ( অ্যাস্টন ভিলা), নিক রিমান্ডো (রিয়াল সল্ট লেক)।

ডিফেন্ডার: ডামার্কাস বিসলি (পুয়েবলা), ম্যাট বেসলার (স্পোর্টিং ক্যানসাস সিটি), জন ব্রুকস (হার্থা বার্লিন), জিওফ ক্যামেরন (স্টোক সিটি), টিমোথি চ্যান্ডলার (নুরেমবার্গ), ওমার গনজালেস (এলএ গ্যালাক্সি), ফাবিয়ান জনসন (হফেনহাইম), ডিয়ান্ড্রে ইয়েডলিন (সিয়াটল সাউন্ডার্স)।

মিডফিল্ডার: কাইল বেকারম্যান (রিয়েল সল্ট লেক) আলেহান্দ্রো বেদোয়া (নতেঁ), মাইকেল ব্র্যাডলি (টরোন্টো এফসি), ব্র্যাড ডেভিস (হিউস্টন ডায়নামো), মিকেল ডিসকেরাড (রোজেনবর্গ), জুলিয়ান গ্রিন (বায়ার্ন মিউনিখ), জার্মেইন জোনস (বেসিকতাস), গ্রাহাম যুসি (স্পোর্টিং ক্যানসাস সিটি)।

ফরোয়ার্ড: জোজি আলটিডোর (সান্ডারল্যান্ড), ক্লিন্ট ডেম্পসি (সিয়াটল সাউন্ডার্স), অ্যারন জোহানসন (এজেড আলকামার), ক্রিস ওন্ডোলোস্কি (সান হোসে আর্থকোয়েকস)    

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন