ইরান: দ্বিতীয় জয়ের অপেক্ষা
আলি দায়ি, করিম বাঘেরি, মেহেদি মাহদিভিকিয়া - সে এক সোনালী প্রজন্ম এসেছিল ইরানিয়ান ফুটবলে! বিশ্ব ফুটবল-রাজ্যে ঢের পিছিয়ে থাকা দেশটির তো আর এদের নিয়ে বিশ্বকাপ জেতার কথা না। তবে ইরানকে ওই বিশ্বমঞ্চে প্রথম জয় তারা এনে দিয়েছিলেন ঠিকই। ১৯৯৮ আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়টি এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের একমাত্র।
ব্রাজিল বিশ্বকাপে আসবে কি দ্বিতীয় জয়? গ্রুপের পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদ-আলোচনা সবই অর্থহীন। বরং ওখানে হারটা বড় ব্যবধানে না হলেই খুশি ইরান। কিন্তু গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ যে বসনিয়া ও হার্জেগোভিনা ও নাইজেরিয়া! কাগজ-কলমের শক্তিতে তাদের চেয়েও পিছিয়ে ইরান। তবে আশাবাদে পিছিয়ে নেই মোটেও। যদি কার্লোস কেইরোস দলের সব কিছু ঠিকঠাক কাজ করে, তাহলে নিজেদের এক দুর্দান্ত দিনে সাফল্যের রূপালি ফুল ফুটতে পারে আবার। নাই-বা হল এটি সোনালী প্রজন্ম! কিন্তু যদি বিশ্বকাপে অন্তত একটি ম্যাচ জিতে ফিরতে পারে, দায়ি-বাঘেরি-মাহদিভিকিয়ার চেয়ে বীরের মর্যাদা তারা কম পাবেন না।
অবশ্য অপ্রত্যাশিত আনন্দের বন্যায় গোটা ইরানকে তারা এরই মধ্যে ভাসিয়েছেন এক বার। সেটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেই। এমন নয় যে, মধ্যপ্রাচ্যের দেশটির বিশ্বকাপে খেলা বাংলাদেশের ব্রাজিলে যাওয়ার মতো বিস্ময়কর। বরং এশিয়া মহাদেশে ইরান ফুটবল-পরাশক্তি হিসেবেই স্বীকৃত। এবারের বাছাইপর্বেও শুরুটা ছিল দারুণ। প্রথম রাউন্ডে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু। তিন জয়, তিন ড্রতে মোটামুটি স্বচ্ছন্দ্যে পেরোয় পরের ধাপ।
ঝামেলা হয় চতুর্থ রাউন্ডে এসে। গোলটা বাঁধে গোল নিয়েই। আগের রাউন্ডে ম্যাচপ্রতি প্রায় তিন গোল করে দিয়েছে ইরান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিতে এসে শুকিয়ে গেল ইরানি ফরোয়ার্ডদের গোলের ধারা। প্রথম পাঁচ ম্যাচে তারা লক্ষ্যভেদ করে মাত্র দুবার! তাতে দুটি করে জয়-হার এবং এক ড্রতে ইরানের জন্য ব্রাজিলের উড়োজাহাজ ক্রমশ উড়ে যাচ্ছিল দূরে। কিন্তু এই সময়ই জ্বলে ওঠে কেইরোসের দল। কাতার-লেবাননকে হারানোর পর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মাঠে গিয়ে জেতে ১-০ গোলে। ২০০৬ বিশ্বকাপের আবার বিশ্বমঞ্চে ইরানের প্রত্যাবর্তন নিশ্চিত হয় তাতে। পুরো ইরানই যেন সেদিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল রাস্তায়। নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে উদযাপন করে উপলক্ষ্টি।
ইরান দলে কেইরোস অবশ্য একটি চমক দিয়েছিলেন রেজা ঘুশানেজাদকে ডেকে। ডাচ লিগে খেলা এই সেন্টার ফরোয়ার্ড জন্মসূত্রে ইরানিয়ান হলেও বেড়ে ওঠা নেদারল্যান্ডসে। ইরানের ফুটবলপ্রেমীদের কাছে রেজা ছিলেন অপরিচিত নাম। কেইরোস তাকে জাতীয় দলে ডাকলেন। একের পর এক গোল করে ঘুশানেজাদ দেখিয়েছেন তার সক্ষমতা। এই ফুটবল-বীরের পাশাপাশি আন্দ্রানিয়ক তৈমুরিয়ান, জাভেদ নেকুনামদের মতো ফুটবলারও আছেন ইরান দলে।
তারা নিশ্চিতভাবেই দায়ি-বাঘেরি নন। কিন্তু যদি বিশ্বকাপে ইরানকে দ্বিতীয় জয় এনে দিতে পারেন, তাহলে ওই কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হবে রেজা-নেকুনাম-তৈমুরিয়ানদের নাম। সেটাই-বা কম কিসে!
এক নজরে:
গ্রুপ: এফ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৬ জুন | নাইজেরিয়া | রিও দে জেনেইরো |
২১ জুন | আর্জেন্টিনা | বোলো হরিজন্তে |
২৫ জুন | বসনিয়া | পোর্তো আলেগ্রে |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৩ বার
সেরা সাফল্য: প্রথম রাউন্ড পার হতে পারেনি কোনোবার।
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: এশিয়া অঞ্চলের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৪৩
কোচ: কার্লোস কেইরোস (এপ্রিল ২০১১ থেকে)
গোলরক্ষক: দানিয়েল দাভারি, আলিরেজা হাজিজি, রহমান আহমাদি
ডিফেন্ডার: হোসেইন মাহিনি, স্টিভেন বেইতাশোর, পেজমান মন্তাসেরি, জালাল হোসেইনি, আমির হোসেন সাদেঘি, আহমাদ আলেনমেহ, হাশেম বেইকজাদেহ, মেহেরদাদ পোলাদি।
মিডফিল্ডার: জাভেদ নেকুনাম, আন্দ্রানিক তৈমুরিয়ান, রেজা হাঘিঘি, ঘাশেম হাদ্দাদিফার, বখতিয়ার রাহমানি, এহসান হাজসাফি,
ফরোয়ার্ড: আশকান দেজাঘা, মাসুদ শুজাই, আলিরেজা জাহানবখশ, রেজা ঘুচানেজাদ, করিম আনসারিফার্দ, খসরু হায়দারি।
