২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির প্রশংসায় পেলে

গত দুটো বিশ্বকাপে আটটি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি ওয়েইন রুনি। তারপরও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ধারণা, এবারের আসরে রুনিই হবেন ইংল্যান্ডের সাফল্যের চাবিকাঠি। ইংল্যান্ড পরের রাউন্ডে উঠবে বলেও মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:17 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিশ্বকাপে রুনির পারফর্ম্যান্সের উদাহরণ টেনে পেলে বলেন, “বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওয়েইন রুনি গোল করেনি, কিন্তু দলের হয়ে সে অসাধারণ খেলেছিল। তার মতো খেলোয়াড় সব সময় দলের জন্য প্রাণপণ লড়াই করে।”

স্কাই স্পোর্টসকে পেলে আরো বলেন, “ইংল্যান্ড কঠিন গ্রুপে পড়েছে, কিন্তু আমি মনে করি তারা পরের রাউন্ডে উঠবে।”

একে তো বিশ্বকাপের মৃত্যুকূপে পড়েছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। তার ওপরে তাদের প্রস্তুতিও ভালো হয়নি। তাই ইংল্যান্ডের দ্বিতীয় পর্বে ওঠা নিয়ে অনেকের মনেই আছে শঙ্কা।

ইংল্যান্ডের গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ছাড়াও আছে দুইবার শিরোপা জেতা উরুগুয়ে। গ্রুপের অন্য দল কোস্টা রিকা।

ইংল্যান্ডের সাম্প্রতিক পারফর্ম্যান্সও ভালো নয়। গত দুই সপ্তাহে তিনটি প্রীতি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা, বাকি দুটিতে ড্র করেছে।