ব্যথা খেলার অংশ: পের্সি
খেলোয়াড়দের জীবনে চোট বড় শত্রু, চোটের কাছে হার মেনে অনেকের ক্যারিয়ারেরই হয়েছে অপমৃত্যু। তবে নেদারল্যান্ডসের রবিন ফন পের্সি যেন ব্যথাকে জীবনের অংশ বানিয়ে নিয়েছেন। গত ছয় বছরে নাকি একটা ম্যাচও ব্যথা ছাড়া খেলতে পারেননি তিনি।
হাঁটুর চোট কাটিয়ে স্ট্রাইকার ফন পের্সি মাঠে ফিরলেও তাকে ঘিরে দুশ্চিন্তা যেন কাটছে না। গত শুক্রবার নিজেকে শতভাগ 'ফিট' ঘোষণাও করেন তিনি। কিন্তু পরদিনই অনুশীলনে অস্বস্তির ছাপ ছিল তার চেহারায়।
ওই বিষয়ে রোববার সাংবাদিকরা জানতে চাইলে ফন পের্সি বলেন, "গত পাঁচ, ছয় বছরে এমন একটা ম্যাচের কথাও আমি মনে করতে পারি না, যে ম্যাচে আমি কোনো ব্যথা অনুভব করিনি।"
নেদারল্যান্ডসের অধিনায়ক আরো বলেন, "আমার কুঁচকির যে সমস্যা ছিল, সেটাকে আপনি চোট বলতে পারেন না। এরকম অনেক (চোট) সমস্যাই আমার ছিল।"
আগামী শুক্রবার শিরোপাধারী স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের অভিযানে নামবে নেদারল্যান্ডস। 'বি' গ্রুপে গতবারের রানার্সআপ ডাচদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও অস্ট্রেলিয়া।
