২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ড: তারুণ্যে বদলে যাওয়া

দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে হারিয়ে হৈ-চৈ ফেলে দিয়েছিল তারা। কিন্তু এরপরও যে প্রথম রাউন্ড পেরোতে পারেনি সুইজারল্যান্ড। তবে যে ম্যাড়ম্যাড়ে ফুটবল তারা খেলেছে, তাতে টুর্নামেন্টে টিকে থাকলেই কী, আর ঝরে গেলেও-বা কী!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 09:17 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

২০০৬ আসরের চিত্রনাট্যও অভিন্ন। সেবার তো দ্বিতীয় রাউন্ডে পর্যন্ত উঠেছিল সুইসরা সেই ওই অনাকর্ষণীয় ফুটবল খেলে। টুর্নামেন্টের চার ম্যাচে চারটি করে গোল করা ও খাওয়া দলটি ইউক্রেনের কাছে হেরে বিদায় নিয়েছিল। বিশ্বকাপ ফুটবলে এমনই রূপ-রস-গন্ধহীন এক নাম সুইজারল্যান্ড!

এবার অবশ্য তারা প্রতিশ্রুতি দিচ্ছে ভিন্ন রকম। তারুণ্যে ঝলমল এক ঝাঁক ফুটবলার নিয়ে ব্রাজিল যাচ্ছে তারা। যে দলের  নিউক্লিয়াস ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এবং ২০১১ সালে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ রানার্সআপ দলের ফুটবলাররা। ব্রাজিল বিশ্বকাপে তাই ফুটবলবিশ্বের সামনে অন্য এক সুইজারল্যান্ডকে উপস্থাপনের প্রতিজ্ঞা দলটির।

সুইজারল্যান্ড দলে রোমাঞ্চকর সব ফুটবলারের উপস্থিতির কারণে সেটি সম্ভব। জেরদান শাচিরি, গ্রানিট জাকা, গোকান ইনলের, স্টেফান লিখস্টাইনারের মতো অনেকেই আছেন, যারা খেলছেন ইউরোপের বড় বড় ক্লাবে। আর পুরনো খোলস ভেঙে দলটি খেলেও এখন অনেক বেশি আক্রমণাত্মক ধাঁচে। আশ্চর্যের বিষয় হল, আঁটোসাটো রক্ষণের জন্য বিখ্যাত সুইস রক্ষণভাগই এখন দলের দুর্বলতার জায়গা। ফিলিপ সেনডেরস, স্টিভ ফন বের্গেন, ইয়োহান জহুদের মধ্যে ক্লাব মৌসুমটা ভালো যায়নি কারো। আর আক্রমণে জোর দিতে গিয়ে দলের খেলার ধরনে চলে এসেছে অনিশ্চয়তা। নিজেদের দিনে বিশ্বের সব দলের বিপক্ষে যে জমজমাট লড়াই করতে পারে সুইজারল্যান্ড; গত বছর প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোয় এর প্রমাণ। আবার এই সুইজারল্যান্ডই বাছাইপর্বে আইসল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে যাবার পর শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৪-৪ ড্র নিয়ে! রক্ষণাত্মক খাঁচা ভেঙে সুইজারল্যান্ডকে রোমাঞ্চকর আক্রমণাত্মক দলে পরিণত করার মূল কৃতিত্ব ওটমার হিজফেল্ডের। গত তিন দশকের বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ তিনি। বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড দুই ক্লাবের হয়ে জিতেছেন সাতটি বুন্দেসলিগা। আবার দুটি ক্লাবকেই জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ। সফল এক ক্যারিয়ারের গোধূলিবেলায় হিজফেল্ড দায়িত্ব নিয়েছেন ইউরোপিয়ান দেশটির। ২০০৮ সাল থেকে সুইজারল্যান্ডের কোচের দায়িত্ব পালন করছেন। তাতে সাফল্য যে এসেছে, সেটি ব্রাজিল বিশ্বকাপে সুইসদের শীর্ষ বাছাই দেশগুলোর একটি হওয়াতেই প্রমাণ। টুর্নামেন্টের ড্রয়ের সময় ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাত দলের মধ্যে থাকায় সুবিধা পেয়েছে সুইজারল্যান্ড। এই বিশ্বকাপ শেষে অবসরে যাওয়ার ঘোষণা হিজফেল্ড দিয়েছেন আগেই। সেই শেষটা মনে রাখার মতো করার জন্য চেষ্টার ত্রুটি তিনি করবেন না।

হিজফেল্ডের জন্য আরো বড় সুবিধা হল চূড়ান্ত পর্বের ড্রটি। ফ্রান্সের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আছে বটে। তারপরও অন্য দুটি দল ইকুয়েডর ও হন্ডুরাস হওয়ায় সুইসদের উল্লসিত না হওয়ার কারণ নেই। এই গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়া যে সুইজারল্যান্ডের সাধ্যাতীত না!

এবার জিতুক বা হারুক, প্রথম রাউন্ডে বাদ হোক কিংবা উত্তরণ হোক দ্বিতীয় রাউন্ডে; সুইজারল্যান্ডকে আলাদা করে মনে রাখতে হবে ফুটবলপ্রেমীদের।

এক নজরে:

গ্রুপ: ই

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৫ জুন

ইকুয়েডর

ব্রাজিলিয়া

২০ জুন

ফ্রান্স

সালভাদর

২৫ জুন

হন্ডুরাস

মানাউস

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৯ বার

সেরা সাফল্য:

কোয়ার্টার-ফাইনাল: ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪

যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘ই’ গ্র“প চ্যাম্পিয়ন হয়ে

খেলার ফর্মেশন: ৪-২-৩-১

ফিফা র‌্যাঙ্কিং: ৬

কোচ: ওটমার হিটজফেল্ড (জুলাই ২০০৮ থেকে)

সুইজারল্যান্ড দল:

গোলরক্ষক: দিয়েগো বেনাল্লিও (ভলফ্সবুর্গ), ইয়ান সমার (বাসেল), রোমান বারকি (গ্রাসহপার)।

ডিফেন্ডার: ইয়োহান জুহু (হামবুর্গ), মিখায়েল লাং (গ্রাসহপার) স্টেফান লিখস্টস্টাইনার (ইউভেন্তুস), রিকার্দো রোদ্রিগেস (ভলফ্সবুর্গ), ফাবিয়ান শেয়ার (বাসেল), ফিলিপ স্যান্ডেরস (ভালেন্সিয়া), স্টিভ ফন বের্হেন (ইয়ং বয়েজ), রেতো সিগলার (সাস্সুয়োলো)।

মিডফিল্ডার: ত্রানকুইল্লো বার্নেত্তা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ভালন বেহরামি (নাপোলি), ব্লেরিম জেমাইলি (নাপোলি), গেলসন ফের্নান্দেস (ফ্রাইবুর্গ), গেকান ইনলের, (নাপোলি), জেরদান শাচিরি (বায়ার্ন মিউনিখ), ভালেন্টিন স্টকার (বাসেল)।

ফরোয়ার্ড: ইয়োসিপ দারমিচ (নুরেমবুর্গ) মারিও গ্রাভ্রানোভিচ (জুরিখ), আদমির মেহমেদি (ফ্রাইবুর্গ), হারিস সেফেরোভিচ (রিয়াল সোসিয়েদাদ), গ্রানিট জাকা (মনশেনগ্লাডবাখ)।

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন