নেদারল্যান্ডস: সৌন্দর্য ফিরেছে, সাফল্য?
ইয়োহান ক্রুইফ প্রচণ্ড ক্ষুব্ধ। মার্কো ফন বাস্তেন যারপরনাই বিরক্ত। রাইনাস মিশেলস নামের ভদ্রলোকটি মরে ‘বেঁচে’ গিয়েছেন। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডস যে ফুটবল খেলেছিল, সেটি দেখে বিখ্যাত ওই শিষ্যদের মতো যে লজ্জা পেতেন টোটাল ফুটবলের এই কোচও!
এখন ২০১৪ বিশ্বকাপে সেই রানার্সআপ হতে পারলেই তো বর্তে যায় ডাচরা!
মাঝের চার বছরে ডাচ ফুটবলের প্রচণ্ড অবক্ষয় হয়েছে? সেটি বলা যাবে না। ২০১২ ইউরোতে তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পরও না। কারণ এরপর দায়িত্বে ফিরেছেন লুই ফন গাল। বদলে যাওয়া সময়ে ১৯৭০ দশকের সেই ‘টোটাল ফুটবল’ ফিরিয়ে আনা অসম্ভব। ফন গাল যা করেছেন, সেটি হল ডাচদের খেলায় সৌন্দর্য ফিরিয়ে আনা। গা জোয়ারি নেতিবাচক ফল নির্ভর ফুটবলের সঙ্গে যেটির পার্থক্য করা যায় সহজেই। তারপরও ডাচরা অধরা বিশ্বকাপ জয়ের উচ্চাশায় যে উচ্চকিত না, এর কারণ ড্র। লটারির ভাগ্যপরীক্ষায় বড্ড কঠিন পরীক্ষায় ফেরে পড়ে গেছে তারা।
বাছাইপর্ব ডাচরা পেরিয়েছে অদম্য গতিতে। ১০ ম্যাচের মধ্যে ৯টিই জয়, ড্র করেছে কেবল এস্তোনিয়ার সঙ্গে। শতভাগ জয়ের রেকর্ড তাতে টুটে গেলেও ৩৪ গোল দিয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাসেই তাদের থাকার কথা। অবশ্য মুদ্রার অন্যপিঠে বড় এক প্রশ্নবোধক চিহ্নও সঙ্গী হবে নেদারল্যান্ডসের ব্রাজিল অভিযানে। বাছাইপর্বে তাতের প্রতিপক্ষ কোন দলই যেখানে ফিফার র্যাঙ্কিংয়ে ত্রিশের মধ্যে ছিল না, সেখানে স্পেন-চিলি এবং দ্বিতীয় রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিলকে কিভাবে সামাল দেবে তারা?
ডাচদের বিশ্বকাপ অভিযান শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবেন ফন হাল। ইংলিশ ক্লাবটি পুনর্গঠনের কাজ খুব দ্রুতই তাই হয়তো শুরু করে দিতে পারবেন তিনি।
স্পেনের সঙ্গে গতবারের ফাইনাল থেকে এবার শুরু করবে নেদারল্যান্ডস। কিন্ত সেটিই না আবার শেষের শুরু হয়ে যায়!
এক নজরে:
গ্রুপ বি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৩ জুন | স্পেন | সালভাদর |
১৮ জুন | অস্ট্রেলিয়া | পোর্তো আলেগ্রে |
২৩ জুন | চিলি | সাও পাওলো |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৯ বার
সেরা সাফল্য: রানার্সআপ (১৯৭৪, ১৯৭৮, ২০১০); সেমি-ফাইনাল (১৯৯৮)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে।
খেলার ফর্মেশন: ৪-৩-৩
ফিফা র্যাঙ্কিং: ১৫
নেদারল্যান্ডস দল:
গোলরক্ষক: ইয়াসপার সিলেসেন (আয়াক্স), টিম ক্রুল (নিউক্যাসল), মিশেল ভরম (সোয়ানসি)
ডিফেন্ডার: ডালে ব্লিন্ড (আয়াক্স), ইয়োয়েল ভেল্টমান (আয়াক্স), স্টেফান ডা ভ্রেই (ফেইয়েনুর্ড), ডারিল ইয়ানমাত (ফেইয়েনুর্ড), টেরেন্স কঙ্গোলো (ফেইয়েনুর্ড), ব্রুনো মার্টিন্স (ফেইয়েনুর্ড), পল ভেরহাফ (আউগসবুর্গ), রুন ভ্লার (অ্যাস্টন ভিলা)।
মিডফিল্ডার: ইয়োর্ডি ক্লাসি (ফেইয়েনুর্ড), ইয়োনাথন ডে গুসমান (সোয়ানসি), নাইজেল ডি ইয়োং (এসি মিলান), লেরোয় ফের (নরিচ), আরিয়েন রবেন (বায়ার্ন মিউনিখ), ভেসলি স্নেইডার (গালাতাসারাই), ভাইনালডাম (পিএসভি)।
ফরোয়ার্ড: মেমফিস ডিপাই (পিএসভি), ক্লাস-ইয়ান হুন্টেলার (শালকে), ডির্ক কুইট (ফেনারবাচে), জেরেমেইন লেন্স (ডায়নামো কিয়েভ), রবিন ফন পের্সি (ম্যানচেস্টার ইউনাইটেড)।
কোচ: লুই ফন গাল (জুলাই ২০১২ থেকে)
