২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসের জয়ে উজ্জ্বল রবেন

দারুণভাবে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস। আরিয়েন রবেনের নৈপুণ্যে প্রীতি ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 01:27 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

বুধবার আমস্টারডামে নেদারল্যান্ডসের জয়ে বড় ভূমিকা ছিল বায়ার্ন মিউনিখ তারকা রবেনের। একটি গোল করার পাশাপাশি দলের অপর গোলটিতে অবদান রাখেন তিনি।

রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল আর আর্সেনালের অ্যারন রামজেকে ছাড়াই আমস্টারডামে খেলতে যায় ওয়েলস। এই দুজনের অনুপস্থিতিতে ভালো আক্রমণ করতে না পারলেও রক্ষণটা ভালোই সামলাচ্ছিল ওয়েলস।

রবেন, স্নেইডার আর ফন পের্সি সমৃদ্ধ নেদারল্যান্ডসের আক্রমণভাগকে অবশ্য খুব বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ওয়েলসের ডিফেন্ডাররা। ৩২তম মিনিটে ডাচদের এগিয়ে দেন রবেন।

৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ডায়নামো কিয়েভের ফরোয়ার্ড জেরেমইন লেন্স। বদলি খেলোয়াড় লেন্সের গোলটির উৎস ছিলেন রবেন।

জয়ের ব্যবধানটা আরো বাড়তে পারত নেদারল্যান্ডসের। কিন্তু প্রথমার্ধে রবিন ফন পের্সি আর ভেসলি স্নেইডার গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন।

এই ম্যাচে অবশ্য একটি দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসের। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড পের্সি কুঁচকির চোট নিয়ে মাঠ ছেড়েছেন। তবে ১৩ জুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই তিনি সেরে উঠবেন বলে বিশ্বাস কোচ লুইস ফন গালের।

‘বি’ গ্রুপে ডাচদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও চিলি।