Published : 17 Jun 2026, 11:06 AM
বিশ্বকাপে ফেরার ম্যাচ রাঙিয়ে রাখতে আর্লিং হলান্ডের দিকে তাকিয়ে ছিল নরওয়ে। হতাশ করেননি ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। জোড়া গোল করে ইরাকের বিপক্ষে জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রত্যাশার চাপ সয়ে যেভাবে মাঠে নিজেকে মেলে ধরেছেন হলান্ড, তাতে মুগ্ধ নরওয়ে কোচ স্তল সুলবাকেন।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে ‘আই’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে নরওয়ে। দলটির পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৬টায়। কিছু দিন বিরতি থাকায় খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছেন কোচ সুলবাকেন।
১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। পড়েছে কঠিন এক গ্রুপে। এখান থেকে নকআউট পর্বে যেতে দেশটি তাকিয়ে হলান্ডের দিকে। বাছাই পর্বে গোলের বন্যা বইয়ে দেওয়া ফুটবলারের বিশ্ব মঞ্চে অভিষেক হলো দুর্দান্ত। তার কাছে এমন পারফরম্যান্সেরই প্রত্যাশা সুলবাকেনের।
“সে উপলক্ষ ভালোবাসে। উপলক্ষ পেয়ে সে জ্বলে উঠে। কোনো উপলক্ষই তার জন্য খুব বড় নয়। ম্যাচের আগে তার সঙ্গে শেষ দুটি সেশন খুব, খুব ভালো ছিল। তাই আমার স্বস্তিদায়ক একটা অনুভূতি ছিল যে, সে আজ আমাদের জেতাবে।”
ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে আসর শুরু করা সেনেগালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নরওয়ে। ওই ম্যাচে ও পরে ফ্রান্সের বিপক্ষে কঠিন লড়াই আশা করছেন সুলবাকেন।
“আরও দুটি দল আছে, যাদের বিপক্ষে আমরা খেলব। তারা সম্ভবত অনেকটা আমাদের পর্যায়ের। আমি তাদের ম্যাচ দেখেছি, প্রথমার্ধে লম্বা সময় ধরে সেনেগালকে আমার জমাট মনে হয়েছে। তাই আমরা এদিকে মনোযোগ দিতে চাই।”