১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লন্ডনে আনন্দধারা আর্টসের ‘নজরুল উৎসব’, কবি সৃষ্টি প্রস্ফুটিত গানে কবিতায়

“তার সাহিত্য ও সঙ্গীত আজও গভীরভাবে প্রাসঙ্গিক এবং এই অস্থির পৃথিবীতে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 12:39 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

লন্ডনে ‘আনন্দধারা আর্টসের’ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল উৎসব ২০২৬’; যে আয়োজনে গান-কবিতা-নাচে তুলে ধরা হয়েছে নজরুলের নানা সৃষ্টি।

লন্ডনের রেডব্রিজ চার্চ মিলনায়তনে গেল ১৩ জুন এই আয়োজন হয়। নজরুল ইসলামের জীবন, কর্ম ঘিরে ওই আয়োজনে ব্যাপ্তি ছিল তিন ঘণ্টার। 

উৎসবের সূচনা হয় শিশুদের পরিবেশনার মাধ্যমে। শিশুরা নজরুলের গান শুনিয়েছে, করেছে আবৃত্তিও। ‘আনন্দধারা আর্টসের’ আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি অনুষ্ঠানে অনন্য মাত্রা আনে। সঙ্গে ছিল মনিরুল ইসলাম ও মাটি সিদ্দিকীর নৃত্য পরিবেশনা। 

এই সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এর পর দেশাত্মবোধক ও বিপ্লবী গান পরিবেশন করেন।

আনন্দধারা আর্টসের পরিচালক চিকিৎসক ইমতিয়াজ আহমেদ পরিবেশনাগুলোর পাশাপাশি নজরুলের জীবনযাত্রার গল্প বর্ণনা করেন। 

ইমতিয়াজ আহমেদ বলেন, “নজরুল ছিলেন মানবতার কবি। তার সাহিত্য ও সঙ্গীত আজও গভীরভাবে প্রাসঙ্গিক এবং এই অস্থির পৃথিবীতে আমাদের অনুপ্রাণিত করে চলেছে।”

অনুষ্ঠানের সমাপনী পর্বে একক সংগীত পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্রী নূপুর কাজী। 

সঙ্গত করেন সংগীতশিল্পী অমিত দে, ওমি ইসলাম, দেওয়ান তানিম, মিলন বিশ্বাস এবং অনিরুদ্ধ মুখার্জী।