Published : 17 Jun 2026, 12:11 PM
ফুটবলের মহাতারকা ও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির ব্যাখ্যাতীত পারফরম্যান্সে এখন আর অবাক হন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বরাবরে মতোই মেসিকে প্রসংশায় ভাসিয়েছেন তিনি।
আলজেরিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। ৩-০ ব্যবধানের জয়ে জাদুকরী ফুটবলে হ্যাটট্রিক করেছেন মেসি।
অনেক অর্জন ধরা দিয়েছে তার হাতে। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় আসরে খেলেছেন। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ আসরে গোল করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আগে থেকেই তার, সেটা আরেকটু বাড়িয়ে নিয়েছেন। বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে মেসি। বিশ্বকাপে নিজের প্রথম গোল করার ২০ বছর পর এই টুর্নামেন্টে তিনি করলেন নিজের প্রথম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে ১২০ গোল করে ব্যবধান কমালেন চূড়ায় থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে (১৪৩)।
এমন জয়ের পরও খুশির জোয়ারে ভেসে যাচ্ছেন না স্কালোনি। পা মাটিতেই রাখছেন বিশ্বকাপ জয়ী এই কোচ।
“এই দল জানে, যে কোনো দল আমাদের হারাতে পারে। যদি আমরা একটু অতিআত্মবিশ্বাসী হয়ে যাই তো যে কোনো প্রতিপক্ষ জিতে যেতে পারে। এই বিশ্বকাপে অদ্ভূত ও কঠিন সব ব্যাপার ঘটছে। যদি আমরা কাজগুলো ঠিকঠাক করি, আমাদের হারানো কঠিন হবে।”
জয়ের জন্য দলের খেলোয়াড়দের রসায়নকে কৃতিত্ব দিলেন স্কালোনি। দলীয় বন্ধনের জন্য তারা কঠিন সময় পেরিয়ে যায়।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শুরুটা ভালো ছিল না আর্জেন্টিনার। এবার জয়ে শুরু করতে পারল তারা। আগামী সোমবার তারা অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে।
“এখনও অনেক পথ বাকি। তবে জয় দিয়ে শুরু করা সবসময়ই ভালো। এটা নিঃসন্দেহে সবকিছুর শক্তি বাড়ায়।”