Published : 18 Jun 2026, 12:26 AM
ময়মনসিংহে বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে নগরীর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই সজীব কোচ জানান।
নিহতরা হলেন- ঝিনাইদহের মো. মাসুদ মিয়া (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের সিয়াম মিয়া (২৪)। তারা দুজন ময়মনসিংহে থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাতে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কলেজ রোড এলাকায় আট শতক জমির উপর এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে ১০ তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। বিকালে সেই ভবনের অষ্টম তলায় লিফট চলাচলের জন্য ইটের গাঁথুনি দিচ্ছিলেন দুই শ্রমিক।
তাদের কোনো নিরাপত্তা বেল্ট ছিল না। অসাবধানতাবশত দুজন নিচে পড়ে যান। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নির্মাণাধীন ভবনটির মালিক নেত্রকোণা মেডিকেল কলেজের প্রভাষক বেলাল উদ্দিন। তিনি বলেন, “বিকালে আটতলা থেকে দুই শ্রমিক নিচে পড়লে বিকট শব্দ হয়। তারা মূলত ইটের গাঁথুনির কাজ করছিলেন। পরে শুনি দুজনেই মারা গেছেন।
“কিন্তু ভবনটি নির্মাণের তদারকিতে ছিলেন ঠিকাদার রফিকুল ইসলাম। এর চাইতে বেশি কিছু বলতে পারব না।”
এ বিষয়ে জানতে ঠিকাদার রফিকুল ইসলামের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।
রাত ৮টার দিকে ঘটনার তদন্তে ভবনটিতে যান এসআই সজীব কোচ। তিনি বলেন, “শ্রমিকরা কাজ করার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করেননি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”