Published : 22 Jun 2026, 05:32 PM
গুগল দেখাচ্ছে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের প্রেডিকশন। সেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৬ শতাংশ, অস্ট্রিয়ার ১৩ শতাংশ, বাকি ২১ শতাংশ ড্র। অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকও ভালো করেই জানেন, তাদের পক্ষে বাজি ধরার লোক নেই বললেই চলে। ভার্চুয়াল দুনিয়ার অ্যালগরিদমও আর্জেন্টিনাকে সম্ভাব্য ‘জয়ী’ দেখাবে। এই বাস্তবতা মেনে নিয়েই আর্জেন্টিনাকে চমকে দিতে চান অস্ট্রিয়া কোচ।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হ আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মাঠের লড়াই। ম্যাচ শেষে দেখা যাবে, রাংনিকের চাওয়টা পূরণ হয়েছে কিনা। দুটি দলই উত্তর আমেরিকা বিশ্বকাপে শুভসূচনা করেছে। আলজেরিয়াকে ৩-০ গোলে আর্জেন্টিনা এবং জর্ডানকে ৩-১ গোলে অস্ট্রিয়া হারিয়ে এসেছে।
আর্জেন্টিনাকে যেখানে শিরোপা ধরে রাখার অভিযানে, সেখানে অস্ট্রিয়ার বিশ্বকাপের আঙিনায় পা পড়েছে ১৯৯০ সালের পর এই প্রথম। ৩৬ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির পক্ষে যে বাজি ধরার লোক থাকবে না, জানেন রাংনিকও। তবে, এই জার্মান কোচ মাঠের লড়াইয়ের আগে হাল ছাড়তে রাজি নন।
“আমি জানি না, কতজন মানুষ অস্ট্রিয়ার পক্ষে এবং কতজন আর্জেন্টিনার পক্ষে বাজি ধরবে। তবে, আপনারা যদি অ্যালগারিদমের দিকে তাকান, সম্ভবত সেটা বলবে, আমরা জিতব না।”
“আমরা সব প্রতিকূলতার বিপক্ষে খেলব, কিন্তু এটার মানে হচ্ছে, আমরা অবশ্যই চমকে দিতে পারি। ড্র হতে পারে, আমরা জিততেও পারি। যেকোনো কিছুই সম্ভব; কেননা, আমরা কথা বলছি ফুটবল নিয়ে এবং একটা দলীয় খেলা নিয়ে।”
ম্যাচ জুড়ে আলজেরিয়াকে কোণঠাসা করে রেখে জিতেছিল আর্জেন্টিনা। অস্ট্রিয়াকেও শুরু থেকে চেপে ধরতে চাইবেন মেসি-মার্তিনেসরা। তবে, সব পরিস্থিতিতেই নিজেদের ছকে থাকার পণ রাংনিকের। তাতে ফল পক্ষে বা বিপক্ষে আসুক, তা নিয়ে ভাবছেন না ৬৭ বছর বয়সী এই কোচ।
“আমাদের খেলার নিজস্ব ধরন আছে। দৃঢ়তা ও সাহস আছে এবং আমরা ম্যাচের নির্ণায়ক হতে পারি। এটা আমাদের সাফল্য এনে দিতে পারে, ব্যর্থও করতে আমি জানি, আর্জেন্টিনা শীর্ষ পর্যায়ের ফুটবল খেলবে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, তাদের বিপক্ষে, আমরা কোন পর্যায়ের ফুটবল খেলব, সেটা।”