Published : 24 Jun 2026, 11:52 AM
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে পর্তুগালের খেলায় বিপরীত চিত্র দেখেছেন কোচ রবের্তো মার্তিনেস। এতে তিনি বুঝতে পেরেছেন, ডিআর কঙ্গোর বিপক্ষে নিজেদের হতাশাজনক ড্র থেকে শিক্ষা নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দসরা।
কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে আসর শুরু করা পর্তুগাল মঙ্গলবার রাতে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে। প্রথম জয়ের পর দুই ম্যাচে দলের খেলার ধরনে পার্থক্য তুলে ধরলেন পর্তুগাল কোচ।
“প্রথম ম্যাচে গোল করার পর আমরা শৃঙ্খলা হারিয়ে ফেলেছিলাম, আকৃতি হারিয়ে ফেলেছিলাম। আমরা প্রতিপক্ষকে প্রতি আক্রমণের সুযোগ দিয়েছিলাম এবং আমরা ওদের গোল পোস্টের কাছাকাছি যেতে পারিনি।”
“আমরা নিজেদের আবেগ দিয়ে খেলেছিলাম, বুদ্ধি খাটিয়ে নয়। আজ আমরা উল্টোটা করেছি। আজ আমরা সুশৃঙ্খল ছিলাম।”
ষষ্ঠ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো। এতে বড় টুর্নামেন্টে ১০ ম্যাচের গোল খরা কাটে পর্তুগিজ মহাতারকার। সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় আসরে গোলের কীর্তি গড়েন তিনি। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন মার্তিনেস।
“(এর আগে) আমি কখনও এমন খেলোয়াড়ের সঙ্গে কাজ করিনি, আজ যাই ঘটুক আগামীকাল যার কাজ করার অবিশ্বাস্য ক্ষুধা থাকে।”
চার পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে মুখোমুখি হবে এই দুই দল।