Published : 03 Jul 2026, 05:30 PM
এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এমন সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে অনুক্ষণ। তবে, যারা এই ভাবনায় বুঁদ হয়ে আছেন, তাদের উদ্দেশে রদ্রিগো দে পল দিলেন দারুণ বার্তা- মেসির ম্যাচ সংখ্যা না গুনে, তার খেলা উপভোগ করুন।
উত্তর আমেরিকা বিশ্বকাপে উপভোগ্য সময়ই সমর্থকদের উপহার দিয়ে চলেছেন মেসি। ৩৯ বছর বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে একের পর এক গোল করছেন। রেকর্ডের চূড়ায় উঠছেন এই জাদুকর।
এরই মধ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচে হ্যাটট্রিকসহ ৬ গোল করে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়াসহ রেকর্ডের একাধিক পাতায় আচঁড় ফেলেছেন মেসি। এবারের আসরের গোল্ডেন বুট পাওয়ার দৌড়েও আছেন দুই নম্বরে। তারপরও মেসির সম্ভাব্য অবসর নিয়ে গুঞ্জনের অন্ত নেই।
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা মেসি প্রতি ম্যাচে যেভাবে আলো ছড়াচ্ছেন, কেইপ ভার্ডের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার ভরকেন্দ্রে থাকবেন তিনি।
রদ্রিগো দে পলও বললেন, আকাশি নীল-সাদা জার্সিতে মেসির উপস্থিতি উপভোগ করে যেতে চান তিনি। ‘বন্ধুর’ পথের শেষ নিয়ে কোনো ভাবনাই নেই তার।
“আমার কাছে, মূল বিষয় হচ্ছে, মেসিকে প্রতিটি দিন উপভোগ করা, ঠিক আর সব আর্জেন্টাইনের মতোই। অবশ্যই, আমাদের যা নেই তার চেয়ে যা আছে, সেটাকে সবসময় আমরা গুরুত্ব দেই। এটাই জীবনের অংশ। মেসিকে পাশে পেয়ে আমরা সবাই আনন্দিত।”
গত বছর আতলেতিকো মাদ্রিদ ছেড়ে মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন রদ্রিগো দে পল। বয়সের ব্যবধান সাত বছরের হলেও, দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব। বলা হয়ে থাকে, রদ্রিগো দে পল ‘মেসির বডিগার্ড।’ ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার বললেন, মেসির বন্ধু হতে পারা তার জন্য অনেক কিছু।
“মেসির একজন ভালো বন্ধু হতে পারা আমার কাছে অনেক কিছু। বন্ধুত্ব আমাদের সকলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি।
“আমি নিজেকে খুবই ভাগ্যবান মানুষ মনে করি; সেখানে থাকতে পেরে, মেসির সাথে ঘরে-বাইরে মুহূর্তগুলো ভাগাভাগি করতে পেরে এবং এটা আমাকে সত্যিই গর্বিত করে।”
শেষ বত্রিশের লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেইপ ভার্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।