Published : 22 Jun 2026, 08:16 AM
আগের ম্যাচের ব্যর্থতা ঝেড়ে সৌদি আরবের বিপক্ষে জ্বলে উঠল আক্রমণভাগ। কাঙ্ক্ষিত গোলও ধরা দিল দ্রুতই। দারুণ এক জয়ের উচ্ছ্বাস নিয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসালেন শিষ্যদের।
যার একাদশে থাকা নিয়েই অনিশ্চয়তা ছিল, সেই লামিন ইয়ামাল খেললেন শুরু থেকে, গোলও করলেন। এরপর জোড়া গোল করলেন মিকেল ওইয়ারসাবাল। এই দুজনের আলাদা করে প্রশংসা করলেন স্পেন কোচ। দুই অর্ধেই দলের দাপুটে পারফরম্যান্সে ভীষণ খুশি তিনি।
আটলান্টায় রোববার ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে প্রথম জয় তুলে নেয় স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে ছিল ২০১০ সালের চ্যাম্পিয়নরা।
সৌদি আরবকে কোণঠাসা করে রেখে, প্রথমার্ধে তিন গোল তুলে নেয় স্পেন। দ্বিতীয়ার্ধে সৌদি আরবের হাসান আল-তামবাক্তি আত্মঘাতী গোল করে বসেন। ম্যাচ মূলত শেষ হয়ে যায় তখনই।
১০ থেকে ২৪-এই ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে স্পেন। দশম মিনিটে শুরুটা করেন ইয়ামাল। এরপর জোড়া গোলে স্পেনকে জয়ের পথে এগিয়ে নেন ওইয়ারসাবাল। ফিনিশিং নিয়ে কাজ করার কথা বলতে গিয়ে, এই দুই ফরোয়ার্ডের অনেক প্রশসংসা করেন কোচ।
“এই ফিনিশিংয়েই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। ছেলেদের সাথে (কেপ ভার্দ ম্যাচের পর) এটা নিয়ে কথা বলেছিলাম এবং আমরা সবাই সম্মত হয়েছিলাম, এই জায়গাতে আমাদের আরও গভীরতা ও সক্রিয়তা প্রয়োজন। আজ সেটা দেখালাম। সব মিলিয়ে, প্রথম মিনিটে থেকেই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার অনুভূতি হচ্ছে। কিন্তু, এখন আমি বলব, আমাদের উন্নতি চালিয়ে যেতে হবে।”
“লামিন ও ওইয়ারসাবাল, দুজনে ব্যতীক্রমী খেলোয়াড়। তবে, রদ্রির মতো অন্যরাও অসাধরণ খেলেছে। দুই সেন্টার-ব্যাকও ছিল চমৎকার। লামিন এখন পুরো সময় খেলার জন্য প্রস্তুত এবং মাঠে তার উপস্থিতি ছিল মুগ্ধকর। ওইয়ারসাবালের এ সপ্তাহে কিছু সমস্যা ছিল, যেটার বিস্তারিত এখানে বলতে পারি না, কিন্তু সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”
আত্মঘাতী গোলের পর দ্বিতীয়ার্ধের বাকি সময়ে, স্পেন পারেনি ব্যবধান বাড়িয়ে নিতে। টিভিই-কে অবশ্য দে লা ফুয়েন্তে বলেন, দলের দুই অর্ধের খেলা নিয়েই খুশি তিনি।
“ভিন্ন ম্যাচ, কিন্তু আমাদের মনোভাব ছিল সবসময়ের মতো, একই। প্রথমার্ধে দারুণ ছিলাম আমরা, দ্বিতীয়ার্ধেও খুব ভালো করেছি। এই ম্যাচের পারফরম্যান্স আমাদের কাজ চালিয়ে যেতে এবং সামনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিদ্বন্দিতা করতে সাহায্য করবে।”