Published : 28 Jul 2026, 07:10 PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের নতুন চিফ অব মিশন লরা টম-বন্ড সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে আইওএমের সঙ্গে দুই দশকের দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদার, জাতীয় মানবপাচারবিরোধী প্রচেষ্টা জোরালো করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবপাচার রোধে সাইবার প্রযুক্তির ব্যবহার, সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আইওএমের মিশন প্রধান বলেন, সংস্থাটির উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ অগাস্ট বাংলাদেশ সফর করবেন।
তার বাংলাদেশ সফর উপলক্ষে আগামী ৪ অগাস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
সালাহউদ্দিন আহমদ নতুন চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান এবং মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের যৌথ উদ্যোগে প্রণয়ন করা ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় বৈধকরণ কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়।
একইসঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনীর বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা দিতে আইওএমের অঙ্গীকারের কথাও বৈঠকে তুলে ধরার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং আইওএমের কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়।